লন্ডন ব্রিজে ছুরি হামলায় নিহত ২
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৯ | ০৮:৫৯ | আপডেট: ২৯ নভেম্বর ২০১৯ | ১৩:৪১
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী লন্ডন ব্রিজে পথচারীদের ওপর ছুরি নিয়ে হামলা চালায় এক সন্ত্রাসী। স্থানীয় সময় শুক্রবার দুপুরে এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হন। এর মধ্যে দু'জন পরে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে হামলাকারীকে লক্ষ্য করে গুলি চালায়। এতে সে নিহত হয়। পুলিশ বলছে, এটি সন্ত্রাসী হামলা। খবর বিবিসি, এএফপি ও ডেইলি মেইলের।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক ব্যক্তি ছুরি নিয়ে পথচারীদের ওপর হামলা চালায়। এ সময় ধস্তাধস্তি চলতে থাকে। কয়েকজন পথচারী তাকে জড়িয়ে ধরে রাস্তায় ফেলে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে হামলাকারীকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় ছুরি হাতে থাকা ব্যক্তি আহত হয়। পরে তার মৃত্যু হয়।
গুলির শব্দ শুনে ব্রিজের ওপর লোকজন ছোটাছুটি শুরু করে। কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থল ঘিরে ফেলে পুলিশ। পরে তারা সাধারণ মানুষকে ওই এলাকা ত্যাগ করার নির্দেশ দেয়। এ ঘটনার পর ব্রিজে চলাচল বন্ধ করে দেওয়া হয়।
ভিডিও ফুটেজের বরাত দিয়ে ডেইলি মেইল জানায়, ব্রিজের ওপর আহত এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রিজের দক্ষিণাংশে এক ব্যক্তিকে কয়েকজন মিলে পেটাচ্ছিল। লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস একে 'বড় ঘটনা' বলে ঘোষণা করেছে।
বিবিসির সাংবাদিক ম্যাকমানুস বলেন, 'কয়েক মুহূর্ত আগে আমি উত্তর থেকে হেঁটে ব্রিজের দক্ষিণ দিকে যাচ্ছিলাম। তখন কিছু মানুষের হট্টগোল দেখি। এক ব্যক্তির ওপর কয়েকজন হামলা চালায়। ঘটনাস্থলে দ্রুত পুলিশ আসে এবং এরপর কয়েক রাউন্ড গুলির শব্দ পাওয়া যায়।'
- বিষয় :
- যুক্তরাজ্য
- লন্ডন ব্রিজ
