ক্যাসিনোকাণ্ডে গ্রেফতার জাপানের এমপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০১৯ | ০৮:২৫ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৯ | ০৮:৩৪
ক্যাসিনোকাণ্ডে ফেঁসে গেছেন জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) এক সংসদ সদস্য।
জুয়াড়ি চক্রের কাছ থেকে প্রায় ৩৪ হাজার মার্কিন ডলার ঘুষ গ্রহণকারী সন্দেহে বুধবার তাকে গ্রেফতার করা হয় বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
গত অক্টোবর পর্যন্ত ক্যাসিনো নিয়ে প্রধানমন্ত্রী শিনজে আবের সরকারের নেওয়া পদক্ষেপের একজন নীতিনির্ধারক ছিলেন গ্রেফতার হওয়া ৪৮ বছর বয়সী তুকাসা আকিমতো।
কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, একটি জুয়াড়িচক্রের তিন ব্যক্তি ক্যাসিনো ক্লাব খোলার জন্য এই এমপিকে টাকা দিয়েছিলেন বলে অভিযোগ। ওই তিনজনকেও গ্রেফতার করা হয়েছে।
ক্যাসিনোকাণ্ডে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন গ্রেফতার তুকাসা। কাউকেই এ ব্যাপারে সুবিধা দেননি বলে জানান তিনি।
তুকাসা গ্রেফতারের পরপরই একই ঘটনায় আরেক সরকারদলীয় এমপি তাকাকি সিরাসুকাকে পুলিশ খুঁজছে বলে জাপানের সংবাদ মাধ্যমে বলা হয়েছে।
