ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

এবার বিক্ষোভ থেকে গুলি ছোড়ার ছবি প্রকাশ করলো উত্তরপ্রদেশ পুলিশ

এবার বিক্ষোভ থেকে গুলি ছোড়ার ছবি প্রকাশ করলো উত্তরপ্রদেশ পুলিশ
×

এই ছবি প্রকাশ করেছে উত্তরপ্রদেশ পুলিশ-আনন্দবাজার পত্রিকা।

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৯ | ০০:৫৯ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৯ | ০১:১১

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ও জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) নিয়ে চলমান বিক্ষোভকে লক্ষ্য করে উত্তরপ্রদেশ পুলিশের গুলি চালানোর ভিডিও ব্যাপক বিতর্কের জন্ম দেয় ভারতজুড়ে।

এবার বিক্ষোভকারীদের ভিড় থেকে গুলি চালানো হয়েছে দাবি করে পাল্টা ছবি প্রকাশ করেছে উত্তরপ্রদেশ পুলিশ। 

ওই ছবি মেরঠের বিক্ষোভের বলে দাবি করা হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।

পুলিশ দাবি করেছে, গত ১৯ থেকে ২১ ডিসেম্বরের মধ্যে সিএএ ও এনআরসি বিরোধী বিক্ষোভ এমন আকার ধারণ করেছিল যে, তারা গুলি চালাতে বাধ্য হন। 

উত্তরপ্রদেশ পুলিশ যে ছবি প্রকাশ করেছে, তাতে ভিড়ের মধ্যেই আগ্নেয়াস্ত্র হাতে কয়েক জনকে দেখা গেছে। নীল পোশাক পরা এক ব্যক্তিকে কালো কাপড়ে মুখ ঢেকে হাতে বন্দুক উঁচিয়ে এগিয়ে যেতে দেখা গেছে। 

আরেকটি ছবিতে দেখা গেছে, কালো জ্যাকেট পরা এক ব্যক্তি হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে রয়েছেন। পুলিশের দাবি, ওই ছবি গত শুক্রবারের।

বিক্ষোভকারীদের ‘হিংসাত্মক’ কার্যকলাপের কথা বলতে গিয়ে উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী দীনেশ শর্মা বলেন, ‘২১টি জেলাজুড়ে বিক্ষোভের জেরে ২৮৮ জন পুলিশকর্মী জখম হয়েছেন। এর মধ্যে ৬২ জন পুলিশকর্মী গুলিবিদ্ধ হয়েছেন।’ 

সিএএ এবং এনআরসি নিয়ে বেশ কয়েক দিন ধরেই অগ্নিগর্ভ উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকা। সিএএ ও এনআরসি-র বিরোধিতায় রাস্তায় নেমে এখন পর্যন্ত মোট ১৬ জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশে। এর মধ্যে শুধুমাত্র মেরঠেই মারা গেছেন ছয়জন। 

পুলিশ বিক্ষোভকারীদের উপর গুলি চালিয়েছে বলে অভিযোগ উঠলেও তা প্রাথমিকভাবে অস্বীকার করেছিল রাজ্যটির পুলিশ। সম্প্রতি বিজনৌরে বিক্ষোভে গুলিতে এক সিভিল সার্ভিস পরীক্ষার্থীর মৃত্যু হয়। ওই ঘটনায় গুলি চালানোর কথা স্বীকার করে উত্তরপ্রদেশ পুলিশ। 


আরও পড়ুন

×