ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

হরমুজ প্রণালিতে যুক্তরাজ্যের যুদ্ধজাহাজ

হরমুজ প্রণালিতে যুক্তরাজ্যের যুদ্ধজাহাজ
×

ব্রিটিশ পতাকাবাহী জাহাজের সুরক্ষা নিশ্চিত করতে হরমুজ প্রণালিতে দুটি যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাজ্য- ফাইল ছবি/গার্ডিয়ান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২০ | ২১:০৭ | আপডেট: ০৫ জানুয়ারি ২০২০ | ২১:০৮

মধ্যপ্রাচ্যজুড়ে ব্যাপক উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালিতে ব্রিটিশ পতাকাবাহী জাহাজের সুরক্ষা নিশ্চিতে সেখানে দুটি যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাজ্যের নৌবাহিনী।

শুক্রবার বাগদাদে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ইরানি জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে যে উত্তেজনা তৈরি হয়েছে, সে প্রেক্ষাপটেই যুক্তরাজ্যের পক্ষ থেকে এমন পদক্ষেপ এলো।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস ব্রিটিশ নৌবাহিনীর দুটি ডেস্ট্রয়ারকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলসীমা হরমুজে পাহারার দায়িত্ব নিতে প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন।

ওয়ালেস বলেন, 'আমাদের নৌযান ও নাগরিকদের সুরক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপই নেওয়া হবে।'

সোলাইমানি হত্যাকাণ্ডের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের নীরবতা নিয়ে ব্যাপক সমালোচনার মধ্যে ওয়ালেস এ সিদ্ধান্ত নিলেন। ছুটি কাটাতে জনসন এখন ক্যারিবীয় দ্বীপে আছেন বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে।

আরও পড়ুন

×