বিশ্বকাপ আমেজে বিশ্ব রেকর্ড
যুক্তরাষ্ট্রের হিউস্টনে ফুটবলের দীর্ঘতম সারি
শাহেরীন আরাফাত
প্রকাশ: ২০ জুন ২০২৬ | ০৬:৫৩
| প্রিন্ট সংস্করণ
বিশ্বের বৃহৎ ক্রীড়াযজ্ঞ ফিফা বিশ্বকাপ এবার পা রেখেছে উত্তর আমেরিকায়। ইতিহাসে প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো–এই তিন দেশ যৌথভাবে আয়োজন করছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-এর। এই অভাবনীয় সাংস্কৃতিক ও ক্রীড়া মিলনমেলার আগেই ফুটবল উন্মাদনাকে ভিন্নমাত্রা দিতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পাতায় নাম লিখিয়েছে আয়োজক দেশগুলোর বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠান।
মাঠের ফুটবলের সঙ্গে ব্র্যান্ডের প্রচারণা এক সুতোয় গাঁথতে প্রতিষ্ঠানগুলো বেছে নিয়েছে অভিনব সব উপায়।
মেক্সিকোতে বৃহত্তম ফুটবল পাঠশালা
বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ মেক্সিকো তাদের রাজধানী মেক্সিকো সিটির প্রাণকেন্দ্র ‘জোকালো’ স্কয়ারে আয়োজন করে ইতিহাসের সর্ববৃহৎ ফুটবল ক্লাসের। ‘সোশ্যাল ওয়ার্ল্ড কাপ’ বা সামাজিক বিশ্বকাপ–শীর্ষক এই অভিনব উদ্যোগের আয়োজক মেক্সিকো সরকার ও পর্যটন বোর্ড। ১৫ মার্চ এই বিশাল প্রশিক্ষণে অংশ নেন রেকর্ডসংখ্যক ৮ হাজার ৮৭৩ জন মানুষ। সেখানে মেক্সিকোর জাতীয় পুরুষ ও নারী দলের কিংবদন্তি ফুটবলাররা উপস্থিত থেকে তরুণদের ফুটবলের নানা কৌশল শেখান।
হাজারো মানুষের ‘মানব-জার্সি’
বিশাল ফুটবল পাঠশালার পাশাপাশি মেক্সিকো সরকার আরও একটি রেকর্ড গড়েছে। গত ২৭ ফেব্রুয়ারি তুক্সতলা গুতিয়েরেজের ভিক্টর ম্যানুয়াল রেইনা স্টেডিয়ামে জড়ো হন চার হাজার ৭৫৭ জন স্বেচ্ছাসেবক। তাদের পরনে ছিল মেক্সিকোর জাতীয় পতাকার রঙের লাল, সাদা ও সবুজ টি-শার্ট। সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে তারা তৈরি করেন মেক্সিকো জাতীয় দলের বিশাল এক জার্সির আকৃতি। এই অভূতপূর্ব দৃশ্য ও রেকর্ড মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউমেরও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
বল জাগলিং ও জলবায়ু বিশ্বজোট
বিশ্বকাপের চেতনাই হলো পুরো বিশ্বকে এক সুতোয় গাঁথা। এই ধারণাকে পুঁজি করে যুক্তরাজ্যভিত্তিক জলবায়ুবিষয়ক অলাভজনক সংস্থা ‘কাউন্ট আস ইন’ ফুটবলপ্রেমীদের জন্য একটি রেকর্ড ভাঙার উদ্যোগ নেয়। জলবায়ু সচেতনতা ও টেকসই পরিবেশের পক্ষে একতাবদ্ধ করার অংশ হিসেবে গত ৬ জুন মেক্সিকো থেকে পোল্যান্ড, এমনকি সুদূর ফারো দ্বীপপুঞ্জ পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পাঁচ হাজারেরও বেশি মানুষ অংশ নেন। তবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, একসঙ্গে দীর্ঘক্ষণ বল শূন্যে ভাসিয়ে রাখার শর্ত পূরণ করে ৫১১ জন অংশগ্রহণকারী ‘একাধিক ভেন্যুতে সর্বোচ্চসংখ্যক মানুষের বল জাগলিং’ করার বিশ্বরেকর্ড গড়েন।
হিউস্টনে ফুটবলের দীর্ঘতম সারি
বল ছাড়া কি আর ফুটবল খেলা জমে? বিখ্যাত হোম-শেয়ারিং কোম্পানি এয়ারবিএনবি নিশ্চিত করেছে, বলের কোনো অভাব অন্তত হবে না! গত ১১ এপ্রিল এয়ারবিএনবি বিশ্বকাপের অন্যতম আয়োজক শহর টেক্সাসের হিউস্টনে ১০ লাখ ডলার (প্রায় ৭ লাখ ৩৬ হাজার পাউন্ড) বিনিয়োগ উদযাপনের অংশ হিসেবে এক অভিনব রেকর্ডের জন্ম দেয়। শহরের হারমান পার্কের ভেতরে তারা তৈরি করে বিশ্বের সবচেয়ে দীর্ঘ ফুটবল সারির রেকর্ড। বিভিন্ন অলাভজনক সংস্থা ও যুব লিগের খেলোয়াড় এবং শত শত পরিবারের সহায়তায় জিগ-জ্যাগ বা আঁকাবাঁকা প্যাটার্নে সাজানো হয় এক হাজার ৩৬টি ফুটবল। রেকর্ডটি নিশ্চিত হওয়ার পর অংশগ্রহণকারী প্রতিটি শিশু-কিশোরকে একটি করে বল উপহার হিসেবে বাড়ি নিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়। মুহূর্তের মধ্যেই পার্কটি যেন হাজারো ভবিষ্যৎ ফুটবল তারকার পদচারণায় মুখর হয়ে ওঠে।
সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ওয়েবসাইট
- বিষয় :
- বিশ্বকাপ ফুটবল
