কোমর, পিঠ ও কাঁধের ব্যথা দূর করবে যোগের যে আসন
ছবি: সংগৃহীত
শৈলী ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬ | ১৬:৪৮
আধুনিক কর্মজীবনে কম্পিউটার বা ল্যাপটপের সামনে বসে কাজ করতে হয় ঘণ্টার পর ঘণ্টা। টানা বসে থাকতে থাকতে কোমর ও নিতম্বের সংযোগস্থলের পেশি শক্ত হয়ে যায়, মেরুদণ্ড ঝুঁকে পড়ে, কাঁধ ও বুকে ব্যথা হয়। এমনকি পায়ের পেশিও দুর্বল হয়ে যায়। দৈনন্দিন শারীরিক ক্লান্তি ও কাঠিন্য দূর করতে চমৎকার সমাধান হতে পারে 'বীরভদ্রাসন ১' বা 'ওয়ারিয়র ১ পোজ'। এ যোগাসনটি শরীরে কেবল শক্তি ও সাহস জোগায় না, শারীরিক ভারসাম্য ও সঠিক ভঙ্গিমা ফিরিয়ে আনতে সহায়ক।
বীরভদ্রাসন ১ কী এবং কীভাবে এটি কাজ করে?
বীরভদ্রাসন ১ একটি দাঁড়ানো, পা ফাঁক করা যোগাসন। এতে একটি পা সামনের দিকে ৯০ ডিগ্রি কোণে বাঁকানো থাকে এবং অন্য পা পেছন দিকে প্রসারিত করা হয়। এর পাশাপাশি দুই হাত মাথার ওপর তুলে বুকের ছাতি ও মেরুদণ্ডকে ওপরের দিকে প্রসারিত করা হয়। এর ফলে উরু, কাফ মাসেল ও গোড়ালির নিউরো-মাসকুলার পেশির শক্তি বৃদ্ধি হয়। হিপ ফ্লেক্সর প্রসারিত করে, টানা বসার কারণে জমে থাকা টান দূর করে। ঝুঁকে থাকার ফলে শক্ত হয়ে যাওয়া বুক ও কাঁধ টানটান হয়।
কেন ডেস্ক জব করা মানুষদের বীরভদ্রাসন ১ জরুরি?
হিপ ফ্লেক্সরের নমনীয়তা বৃদ্ধি: সারাদিন চেয়ারে বসে থাকলে কোমরের নিচের পেশি বা হিপ ফ্লেক্সর ছোট ও শক্ত হয়ে যায়। এই আসন পেছনের পা-টিকে প্রসারিত করে কুঁচকি ও কোমরের গভীরে টান দেয়, ফলে কোমরের নমনীয়তা দ্রুত ফেরে।
মেরুদণ্ড ও পশ্চার সংশোধন: কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ফলে আমাদের কাঁধ ও বুক ভেতরের দিকে ঝুঁকে যায়। হাত দুটো মাথার ওপর তুলে বুক চওড়া করার ফলে স্পাইন বা মেরুদণ্ড সোজা হয়।
শরীরের শক্তি ও সহনশীলতা: সামনের উরু, হাঁটু ও গোড়ালির ওপর শরীরের ভার সামলানোর দায়িত্ব পড়ে বলে লোয়ার বডির মাসল টোনিং ভালো হয়।
রক্ত সঞ্চালন ও গভীর শ্বাস-প্রশ্বাস: বুক প্রসারিত হওয়ার ফলে ফুসফুসে অক্সিজেনের সরবরাহ বাড়ে, যা মানসিক চাপ কমায় এবং মনকে সতেজ করে।
কীভাবে করবেন 'বীরভদ্রাসন ১'?
নতুনদের ক্ষেত্রে আঘাত এড়াতে সঠিক পদ্ধতি জানা অত্যন্ত জরুরি। আসনটি করার জন্য সমতল মেঝেতে তাড়াসনে সোজাসুজি দাঁড়ান। ডান পা-টিকে ৩ থেকে ৪ ফুট পেছনে নিয়ে যান। পেছনের পায়ের পাতাটি সামান্য বাইরের দিকে (প্রায় ৪৫ ডিগ্রি কোণে) ঘুরিয়ে গোড়ালি মাটিতে চেপে রাখুন। সামনের বাম হাঁটুটি এমনভাবে ভাঙুন যেন তা ঠিক গোড়ালির ওপর থাকে (৯০ ডিগ্রি কোণ)। উরু মেঝের সমান্তরালে আনার চেষ্টা করুন।
আপনার নিতম্ব বা হিপ সম্পূর্ণ সামনের দিকে সমান্তরাল রাখুন। গভীর শ্বাস নিয়ে দুই হাত সোজা মাথার ওপর তুলুন। তালু দুটি মুখোমুখি রাখতে পারেন বা যুক্ত করতে পারেন। নজর সোজা বা হাতের দিকে রাখুন। স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসে ২০ থেকে ৩০ সেকেন্ড অবস্থান ধরে রাখুন। এরপর ধীরে ধীরে সোজা হয়ে অন্য পায়ে একই পদ্ধতি পুনরাবৃত্তি করুন।
সতর্কতা
যদি হাঁটু, গোড়ালি, কোমর বা কাঁধে কোনো সার্জারি বা গুরুতর আঘাত লেগে থাকে তাহলে এ আসন থেকে দূরে থাকুন। অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ থাকলেও এ আসন অনুশীলন না করা ভালো। কারণ দুই হাত মাথার ওপর একটানা তুলে রাখলে রক্তচাপ বাড়তে পারে। যাদের মাথা ঘোরা বা ভার্টিগো রয়েছে তারা দেয়ালের সাপোর্ট নিয়ে আসনটি করতে পারেন। ঘাড়ে ব্যথা থাকলে ওপরের দিকে না তাকিয়ে সোজা সামনে তাকানো উচিত।
বীরভদ্রাসন ১ শুরুর আগে সবসময় হালকা ওয়ার্ম-আপ করে নিন। নমনীয়তা এক দিনে আসে না, তাই জোর করে শরীর মোচড়াবেন না। সঠিক অ্যালাইনমেন্ট ও নিয়মিত অনুশীলনের মাধ্যমেই সঠিকভাবে আসনটি করতে পারবেন।
সূত্র: দ্য ওয়াল
- বিষয় :
- শরীরচর্চা
- যোগ ব্যায়াম