ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

রান্না করা খাবার ফ্রিজের বাইরে কতক্ষণ ভালো থাকে? 

রান্না করা খাবার ফ্রিজের বাইরে কতক্ষণ ভালো থাকে? 
×

ছবি: সংগৃহীত

শৈলী ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬ | ১৭:০৩ | আপডেট: ২৩ আগস্ট ২০২৬ | ১৭:২৪

ব্যস্ততার কারণে অনেকেই প্রতিদিন রান্না করেন না। ছুটির দিনে পর্যাপ্ত রান্না করে রাখেন, যেন বাকি দিনগুলোতে ঝামেলা পোহাতে না হয়। কিন্তু হায়! শহর-গ্রামে ঘণ্টার পর ঘণ্টা লোডশিডিং। ফ্রিজে রাখা খাবারের স্বাদও নষ্ট হচ্ছে। আবার নতুন নতুন খাবার রান্না করে খাওয়ার মতো অবস্থাও নেই। কারণ গ্যাস সংকট। এমন অবস্থায় কী করা যায় সে প্রশ্ন ঘুরপাক খায় অনেকের মন-মস্তিষ্কে। উপায় একটা আছে। আর তা হলো খাবার রান্না করে ফ্রিজে না ঢুকিয়ে বাইরে রেখে দেওয়া। কিন্তু বাইরে রাখলেই যে খাবার ঘণ্টার পর ঘণ্টা ভালো থাকবে তা নয়। 

রান্না করা খাবার কত ঘণ্টা ফ্রিজের বাইরে রাখা যায়? 
যারা রান্না করা খাবার ফ্রিজের  বাইরে রেখে খেতে চান তাদের সতর্ক থাকা উচিত। নিউজ১৮-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, রান্না করা বা বেঁচে যাওয়া খাবার ঘরের স্বাভাবিক তাপমাত্রায় ২ ঘণ্টার বেশি রাখা উচিত নয়। রান্না করা সব খাবার ৫°সেলসিয়াসের নিচে ফ্রিজে রাখতে হবে। অথবা ৬৫° সেলসিয়াসের বেশি তাপমাত্রায় বেইন-মেরিতে রাখতে হবে। বেইন মেরি হল গরম পানির সাহায্যে খাবার গরম রাখার বিশেষ পদ্ধতি। 

রান্না করা খাবার বেশিক্ষণ বাইরে থাকলে কী হয়?
অনেকেই খাবার রান্না করে ডাইনিং টেবলে রেখে বাইরে বেরিয়ে যান। পড়ে বিকেল বা সন্ধ্যায় বাড়ি ফিরে খাবার ফ্রিজে ঢোকান। এই অভ্যাস মারাত্মক ক্ষতিকর। রান্না করা খাবার ঘরের তাপমাত্রায় বেশিক্ষণ থাকলে তাতে ব্যাকটেরিয়া বাড়ে। ইউএসডি-এর মতে, ৪০° ফারেনহাইট থেকে ১৪০°ফারেনহাইট (প্রায় ৪.৪° সেলসিয়াস থেকে ৬০°সেলসিয়াস) তাপমাত্রার মধ্যে ব্যাকটেরিয়া সবচেয়ে দ্রুত বৃদ্ধি পায়। মাত্র ২০ মিনিটেই ব্যাকটেরিয়ার সংখ্যা দ্বিগুণ হয়ে যায়। এই তাপমাত্রার পরিসরকে 'ডেঞ্জার জোন' বলা হয়। ইউএসডি-এর মতে, সহজে নষ্ট হয়ে যায় এমন খাবার কেনার ২ ঘণ্টার মধ্যে ফ্রিজে রাখতে হবে। তবে বাইরের তাপমাত্রা ৯০°ফারেনহাইট  (প্রায় ৩২°সেলসিয়াস)-এর বেশি হলে, এক ঘণ্টার মধ্যেই খাবার ফ্রিজে রাখা উচিত।

ইউএসডি বলছে, খাবারের নিরাপত্তার ক্ষেত্রে তাপমাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের মতে, ব্যাকটেরিয়া প্রকৃতির প্রায় সর্বত্রই রয়েছে—মাটি, বাতাস, জল এমনকি আমরা যে খাবার খাই, সেখানেও। খাবারে পর্যাপ্ত পুষ্টি, আর্দ্রতা, সময় এবং উপযুক্ত তাপমাত্রা পেলে ব্যাকটেরিয়া খুব দ্রুত বাড়তে থাকে। একসময় এদের সংখ্যা এতটাই বেড়ে যায়,যে মানুষের অসুস্থতার কারণ হতে পারে।

খাবার নিরাপদ রাখতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা- হু এর নিয়ম
কাঁচা খাবার ভালোভাবে রান্না করুন। রান্না করা খাবার যত দ্রুত সম্ভব খেয়ে নিন। সম্ভব হলে একবারে যতটা খাবার প্রয়োজন, ততটাই রান্না করুন। কাঁচা ও রান্না করা খাবার আলাদা রাখুন। এতে এক খাবার থেকে অন্য খাবারে জীবাণু ছড়িয়ে পড়ার বা ক্রস-কনটামিনেশনের ঝুঁকি কমে।
স্বাস্থ্যসম্মতভাবে প্রক্রিয়াজাত করা খাবার বেছে নিন। অনেক ফল ও সবজি প্রাকৃতিক অবস্থাতেই খাওয়া ভালো। বারবার সাবান ও পানি  দিয়ে হাত ধুয়ে নিন। খাবার তৈরির জায়গা সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। শুধু খাওয়া নয়, রান্নার জন্যও নিরাপদ পানি ব্যবহার করুন।

আরও পড়ুন

×