ঢাকা বুধবার, ২৬ আগস্ট ২০২৬

জিমে যাওয়ার পর বাড়ছে ব্রণ, ত্বকের যত্নে যা করবেন

জিমে যাওয়ার পর বাড়ছে ব্রণ, ত্বকের যত্নে যা করবেন
×

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬ | ১৬:৫৮

শরীর ফিট রাখতে নিয়মিত জিম করছেন, ঘাম ঝরাচ্ছেন। কিন্তু ব্যায়ামের পাশাপাশি মুখে দেখা দিচ্ছে একের পর এক ব্রণ। জিম করার সময় ঘাম হওয়া স্বাভাবিক। তবে সেই ঘাম ও ত্বকের অতিরিক্ত তেল মুখে জমে থাকলে ব্রণের সমস্যা বাড়তে পারে। তাই শরীরচর্চার পাশাপাশি ব্যায়ামের আগে ও পরে ত্বকের যত্ন নেওয়াও জরুরি।

ব্যায়ামের পর মুখ পরিষ্কার করুন

ব্যায়ামের সময় ঘামের সঙ্গে ত্বকের তেল মিশে মুখের রন্ধ্র বন্ধ হয়ে যায়। তাই জিম থেকে ফিরে যত দ্রুত সম্ভব মুখ পরিষ্কার করে নিন। মৃদু ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে ঘাম ও অতিরিক্ত তেল পরিষ্কার করা ভালো। মুখ পরিষ্কার করার সময় জোরে ঘষাঘষি করবেন না। এতে ত্বকে জ্বালা তৈরি হতে পারে। মুখ ধোয়ার পর ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

ঘামে ভেজা পোশাক বদলে ফেলুন

জিমে ব্যায়ামের সময় ঘামে ভিজে যায় শরীরের পোশাক। সেই পোশাক পরে দীর্ঘ সময় থাকলে ত্বকে ঘাম জমে র‌্যাশ ও ছোট ছোট দানা দেখা দিতে পারে। তাই ব্যায়াম শেষ করার পর দ্রুত পোশাক পরিবর্তন করুন এবং সম্ভব হলে গোসল করে নিন। জিমে খুব আঁটসাঁট পোশাক না পরে আরামদায়ক পোশাক পরাও ভালো। এতে শরীরে ঘাম জমে থাকার পরিমাণ কমে।

তোয়ালে পরিষ্কার রাখুন

জিমে মুখের ঘাম মুছতে যে তোয়ালে ব্যবহার করেন, সেটি নিয়মিত পরিষ্কার করুন। অপরিষ্কার তোয়ালে ত্বকে ময়লা ও জীবাণু ছড়াতে পারে। অন্যের তোয়ালে ব্যবহার না করাই ভালো। এ ছাড়া ব্যায়ামের সময় ঘামে ভেজা হাত দিয়ে বারবার মুখ স্পর্শ করা থেকেও বিরত থাকুন।

জিমের সরঞ্জাম ব্যবহারে সতর্ক থাকুন

জিমের বিভিন্ন যন্ত্রে প্রতিদিন অনেক মানুষ হাত ও শরীরের বিভিন্ন অংশ স্পর্শ করেন। তাই এসব সরঞ্জাম ব্যবহারের আগে ও পরে পরিষ্কার করে নেওয়া ভালো। বিশেষ করে মুখ রাখার জায়গাগুলো পরিষ্কার না করে সরাসরি ব্যবহার করবেন না।

ত্বকে অতিরিক্ত প্রসাধনী ব্যবহার নয়

ব্যায়ামের আগে মুখে ভারী মেকআপ বা অতিরিক্ত প্রসাধনী ব্যবহার না করাই ভালো। ঘাম ও ত্বকের তেলের সঙ্গে এসব প্রসাধনী মিশে ত্বকের রন্ধ্র বন্ধ করতে পারে। জিমে যাওয়ার সময় ত্বক যতটা সম্ভব পরিষ্কার ও হালকা রাখুন। মুখে ব্রণ উঠলে সেটি চেপে ধরা বা নখ দিয়ে খোঁচানো উচিত নয়। এতে ব্রণ আরও বাড়তে পারে এবং পরে দাগ থেকে যেতে পারে। নিয়মিত ত্বক পরিষ্কার রাখার পাশাপাশি পর্যাপ্ত পানি পান ও ঘুমের দিকেও নজর দিতে হবে।

ব্যায়াম শরীর ভালো রাখার জন্য গুরুত্বপূর্ণ। তাই ব্রণের সমস্যা হলে জিম বন্ধ না করে ব্যায়ামের আগে ও পরে ত্বকের পরিচ্ছন্নতার দিকে গুরুত্ব দিন। নিয়ম মেনেও ব্রণ না কমলে বা বেশি মাত্রায় দেখা দিলে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো।
 

আরও পড়ুন

×