ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বেদানার বীজ খাওয়া কি ঠিক? 

বেদানার বীজ খাওয়া কি ঠিক? 
×

বেদানা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:১৬

বেদানা খেতে অনেকেই পছন্দ করেন। রসালো এই ফলটি খেতে যেমন সুস্বাদু, তেমনি গুণেও ভরপুর। কিন্তু এই ফলের বীজগুলো চিবিয়ে খাওয়া উচিত নাকি ফেলে দেওয়া উচিত, তা নিয়ে অনেক সময় মনে প্রশ্ন জাগে। 

‘টিভি নাইনে’র এক প্রতিদেনে বলা হয়েছে, বেদানার বীজে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন ই, ম্যাগনেসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, এই বীজে থাকা বিশেষ ধরনের অ্যাসিড শরীর এবং মস্তিষ্কের প্রদাহ কমাতে অনেক সাহায্য করে। এছাড়াও এর মধ্যে থাকা পলিআনস্যাচুরেটেড ফ্যাট হৃৎপিণ্ডের জন্য ভীষণ উপকারী। তবে বীজগুলো আস্ত গিলে ফেলা একেবারেই উচিত নয়। দাঁত দিয়ে খুব ভালো করে চিবিয়ে তারপরেই এই বীজগুলো খাওয়া উচিত। সালাদ, টক দই বা আইসক্রিমের সঙ্গে বেদানা ছড়িয়ে দিলে খাওয়ার স্বাদ অনেকটাই বেড়ে যায়। বীজগুলো খেতেও বেশ মুচমুচে লাগে। 

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, পুষ্টিগুণে ভরপুর হলেও বিশেষজ্ঞরা সব সময় এই ফল পরিমিত পরিমাণে খাওয়ার পরামর্শ দেন। কারণ, অতিরিক্ত পরিমাণ বীজ একসঙ্গে খেলে কখনও কখনও পেটে অস্বস্তি বা হজমের সমস্যা দেখা দিতে পারে। 

বেদানা কিনতে গেলে সব সময় গাঢ় লাল বা রুবি রঙের ফল কেনা ভালো। আকার অনুযায়ী হাতে নিলে যেসব ফল কিছুটা ভারী মনে হয় সেগুলোতে রস বেশি থাকে। কৃষি বিজ্ঞানীদের মতে, নিখুঁত গোল না হয়ে একটু চ্যাপ্টা বা কোণাকৃতি বেদানা সাধারণত বেশি মিষ্টি হয়। 
 

আরও পড়ুন

×