ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

যাদের মেথি ভেজানো পানি পান করা ঠিক নয়

যাদের মেথি ভেজানো পানি পান করা ঠিক নয়
×
×

ছবি: সংগৃহীত

শৈলী ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬ | ১৩:৪৮ | আপডেট: ১০ অক্টোবর ২০২৬ | ১৪:০০

মেথি ভেজানো পানি উপকারী ভেবে অনেকেই সকালে এ পানীয় পান করেন। আবার অনেকে রান্নায়ও গোটা মেথি ব্যবহার করেন। মেথিতে ফাইবার, আয়রন ও ম্যাগনেশিয়ামের মতো একাধিক পুষ্টি উপাদান রয়েছে। তবে অতিরিক্ত পরিমাণে মেথি খাওয়া ঠিক নয়। নির্দিষ্ট কিছু ওষুধের সঙ্গে মেথি খেলেও সমস্যা হতে পারে। এমনটাই জানানো হয়েছে নিউজ১৮-এর এক প্রতিবেদনে।

যাদের জন্য মেথি বিপদজনক হতে পারে

গর্ভবতী নারী: গর্ভাবস্থায় বেশি মেথি খাবেন না। মেথি ভেজানো পানিও এড়িয়ে চলুন। আবার স্তন্যদানকারী মায়েদেরও মাত্রাতিরিক্ত মেথি খাওয়া ঠিক নয়। 

সামনে অপারেশন হবে এমন ব্যক্তি: মেথি রক্তে শর্করার মাত্রার উপর প্রভাব ফেলে। পাশাপাশি রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াতেও মেথি প্রভাব ফেলে। তাই যাঁদের অপারেশন বা অস্ত্রোপচার হতে চলেছে, তাঁরা মেথি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন। 

রক্ত পাতলা করার ওষুধ যাঁরা খান: যাঁরা ওয়ারফারিনের মতো রক্ত জমাট বাঁধা প্রতিরোধের ওষুধ খান, তাঁরা বেশি মেথি খাবেন না। ওষুধ আর মেথি  একসঙ্গে খেলে রক্তপাতের ঝুঁকি বাড়তে পারে।

যাঁরা হজমের সমস্যায় ভুগছেন: মেথি খাওয়ার পর অনেকের পেট ফাঁপা, গ্যাস, ডায়রিয়া বা পেটে ব্যথা হতে পারে। বিশেষ করে যাঁরা ইরিটেবল বাওয়েল সিনড্রোম আইবিএসের মতো সমস্যায় ভুগছেন, তাঁরা বেশি মেথি খাওয়া এড়িয়ে চলুন।

ডায়াবেটিক রোগী: মেথি অনেক সময়ে রক্তে শর্করার মাত্রা কমিয়ে দেয়। তবে যাঁরা ইনসুলিন বা গ্লিমেপিরাইডের মতো ওষুধ ব্যবহার করেন, তাঁরা বেশি পরিমাণে মেথি খেলে রক্তে শর্করার মাত্রা অতিরিক্ত কমে যাওয়ার ঝুঁকি থাকে।

থাইরয়েডে আক্রান্ত ব্যক্তি: যাঁরা থাইরয়েডের ওষুধ খান, তাঁদের বেশি মেথি খাওয়া ঠিক নয়। মেথির সাপ্লিমেন্ট খাওয়ার আগেও চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

মেথি খেলেই সবাই সমান উপকার পাবেন এমনটা নয়। মেথি থেকে অনেকের অ্যালার্জিও হতে পারে। ত্বকে র‍্যাশ, শরীরের কোনো অংশ ফুলে যাওয়া বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

আরও পড়ুন

×