অক্সফোর্ড অভিধানে বছরের সেরা শব্দ ‘ভ্যাক্স’
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২১ | ১০:২৩ | আপডেট: ২৬ নভেম্বর ২০২১ | ০৪:৫১
মহামারীর আবির্ভাবের পর থেকে এ পর্যন্ত সংশ্লিষ্ট বেশ কিছু শব্দ ব্যাপকভাবে ব্যবহার হয়ে আসছে মানুষের মুখে মুখে। যেমন করোনার উভয় ডোজ টিকা নেয়া ব্যক্তিদের ‘ডবল ভ্যাক্সড’ ও না নেয়াদের ‘আনভ্যাক্সড’ বলে সম্বোধন করা হচ্ছে। সম্প্রতি অক্সফোর্ড ডিকশনারির অভিধানবিদরা ব্যবহারের ভিত্তিতে এ বছরের সেরা শব্দ হিসেবে নির্বাচন করেছেন ‘ভ্যাক্স’ (vax) শব্দটিকে।
ভ্যাক্স ছাড়াও অক্সফোর্ডের চলতি বছরের সেরা শব্দের তালিকায় ঠাঁই পেয়েছে লকডাউন, বুশফায়ার, কভিড-১৯, ব্ল্যাক লাইভস ম্যাটার, ওয়ার্কিং ফ্রম হোম, কি ওয়ার্কারস, ফার্লো ইত্যাদি। খবর দ্য নিউইয়র্ক টাইমসের।
এ বিষয়ে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির জ্যেষ্ঠ সম্পাদক ফিওনা ম্যাকফারসন বলেন, স্পষ্টতই বর্তমানে শব্দটির লক্ষ্যণীয় প্রভাব দেখা যাচ্ছে। এরই ভিত্তিতে এ বছরের সেরা শব্দ হিসেবে নির্বাচিত হয়েছে ‘ভ্যাক্স’। নতুন শব্দ গঠনে ’ভ্যাক্স’ শব্দের বহুবিধ ব্যবহার যেমন vaxxie, vax-a-thon, vaxanista শব্দটিকে স্বতন্ত্র করেছে বলে জানান তিনি।
১৭৯৯ সালে ‘ভ্যাক্স’ শব্দটি প্রথম ইংরেজি ভাষায় স্থান পায়। এর থেকে উদ্ভুত ’ভ্যাক্সিনেট’ (vaccinate) ও ’ভ্যাক্সিনেশন’ (vaccination) শব্দের ব্যবহার দেখা যায় ১৮০০ সালে। লাতিন শব্দ vacca থেকে এ শব্দের উত্পত্তি। লাতিনে vacca শব্দের অর্থ ’গরু’। ১৭৯০-এর দশকে ইংরেজ চিকিত্সক ও বিজ্ঞানী এডওয়ার্ড জেনার গো-বসন্তের জীবাণু থেকে গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন। ওইডির তথ্যমতে, সেখান থেকেই শব্দটির উত্পত্তি। অক্সফোর্ডের ভাষা সংকলনকারী প্রতিদিনই নিত্য নতুন শব্দের খোঁজে তথ্য ও খবর সংগ্রহ করে থাকেন। গড়ে এসব খবরে প্রায় সাড়ে ১৪ বিলিয়ন শব্দ সম্বলিত থাকে, যা থেকে অভিধানবিদরা নতুন শব্দ অনুসন্ধান করে থাকেন।
