ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জমি খুঁড়ে স্বর্ণের বাইবেল পেলেন নার্স

জমি খুঁড়ে স্বর্ণের বাইবেল পেলেন নার্স
×

ছবি: বিবিসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২১ | ০৪:০৪ | আপডেট: ১৪ নভেম্বর ২০২১ | ০৫:৪৫

যুক্তরাজ্যের উত্তরপূর্বাঞ্চলীয় শহর ইয়র্কের একটি চাষের জমি খুঁড়ে স্বর্ণের ছোট্ট একটি বাইবেল পেয়েছেন বাফি বেইলি নামে এক নার্স। প্রায় ৬০০ বছরের পুরনো এই বাইবেল লম্বায় দশমিক ৫ ইঞ্চি, ওজন ৫ গ্রাম। ২৪ ক্যারেট স্বর্ণ দিয়ে বানানো এই বাইবেল।

৪৮ বছর বয়সী বাফি বেইলি যুক্তরাজ্যের প্রধান সরকারি স্বাস্থ্যসেবা সংস্থা ন্যাশনাল হেলথ সার্ভিসে (এনএইচএস) কর্মরত। জমি খনন করে প্রত্নতাত্ত্বিক বস্তু সংগ্রহ তার এবং তার স্বামীর নেশা। তিনি জানান, বাফি ও তার স্বামী  ইয়র্কের একটি পতিত চাষের জমিতে খোঁড়াখুড়ি করে এই বাইবেল খুঁজে পেয়েছেন। খবর বিবিসির


তিনি আরও জানান, কাজের ফাঁকে অবসরে প্রায়েই তারা এই অভিযানে বেরিয়ে পড়েন। অনেকে নিজের জমি থেকে পুরনো জিনিস খুঁজে দিতে তাদের ডেকেও পাঠান। কয়েকদিন আগে ওই জমিতে খননকাজ চালানোর জন্য জমির মালিকের অনুমতি নেন এই দম্পতি। তারপর নির্দিষ্ট দিনে শুরু করেন খোঁড়াখুড়ি। খননকাজ কিছু দূর অগ্রসর হওয়ার পরই জমির একটি স্থানে মেটাল ডিটেক্টরে খুব শক্তিশালী সিগন্যাল পান তারা। তারপর প্রায় পাঁচ ইঞ্চি খোঁড়ার পরই একটি ছোট সোনালি রঙের ধাতব বস্তু উদ্ধার করেন এই দম্পতি। এই বস্তুটিই সেই বাইবেল।

বাফি বেইলি বলেন, ‘প্রথম আমরা ভেবেছিলাম এটি স্বর্ণের তৈরি কোনো সাধারণ বস্তু। পরীক্ষা করার আগ পর্যন্ত আমাদের ধারণাই ছিল না এটি কতখানি দুর্লভ ও দামী একটি অ্যান্টিক।’

ব্রিটেনের একজন প্রত্নতাত্বিক জানিয়েছেন, এটি খুবই দুর্লভ প্রাচীন বা অ্যান্টিক শিল্পকর্ম এবং এটির যিনি মালিক, তিনি ছিলেন যুক্তরাজ্যের অত্যন্ত ধনী ব্যক্তি।


ব্রিটেনের প্রত্নতত্ব বিশেষজ্ঞরা জানিয়েছেন, রাজা তৃতীয় রিচার্ডের আমলের এই বাইবেল তৈরি করা হয়েছিল। নিজ রাজত্বকালে সম্ভবত কোনও আত্মীয়াকে উপহার হিসাবে এই বাইবেল দিয়েছিলেন তৃতীয় রিচার্ড।

ইতোমধ্যে এই বাইবেলের দাম উঠেছে ১ লাখ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যা ১ কোটি ১৫ লাখ ৯০ হাজার টাকা।

আরও পড়ুন

×