ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

তারা খালেদা জিয়ার অসুস্থতাকে পুঁজি করে রাজনীতি করতে চায়: তথ্যমন্ত্রী

তারা খালেদা জিয়ার অসুস্থতাকে পুঁজি করে রাজনীতি করতে চায়: তথ্যমন্ত্রী
×

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ - ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২০ | ০৮:৩৬

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির রাজনীতি দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের মধ্যে আটকে আছে। তিনি বলেন, 'বিএনপি নেতাদের বক্তব্যে মনে হয়, তারা খালেদা জিয়ার মুক্তি নয়, বন্দিদশা ও স্বাস্থ্য নিয়েই রাজনীতি করতে চায়। বিভিন্ন সময় বিএনপির বিভিন্নজনের বিভিন্ন বক্তব্যে খালেদা জিয়ার স্বাস্থ্য ও তাকে মুক্ত করা নিয়ে তাদের মধ্যে যে মতদ্বৈধতা, মতভেদ, সেটিই প্রকাশ পাচ্ছে। এতে মনে হয়, তারা খালেদা জিয়াকে বন্দি রেখেই এবং তার অসুস্থতাকে পুঁজি করেই রাজনীতিটা করতে চায়। তাদের কথাবার্তায় এটিই মনে হয়, খালেদা জিয়ার মঙ্গল চান না তারা।

বুধবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ঢাকা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত 'শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ' আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় সমসাময়িক রাজনীতি প্রসঙ্গে তিনি এসব কথা বলেন। ঢাকা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জহিরুল হক পিলুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ।

তিনি বলেন, 'বিএনপির গত কয়েক মাসের বক্তব্য বিবৃতি শুনলে এবং পড়লে মনে হবে তাদের রাজনীতির মূল বিষয় খালেদা জিয়ার অসুস্থতা। সারাদেশে এত মানুষ অসুস্থ, সেগুলো নিয়ে কোনো কথা নেই। বিরোধী দল হিসেবে তাদের দায়িত্ব ছিল সমালোচনার মাধ্যমে দেশ যাতে আরও বিশুদ্ধভাবে পরিচালিত হয়, সেদিকে দৃষ্টিপাত করা। সেটি না করে তাদের রাজনীতিটা শুধুমাত্র খালেদা জিয়ার অসুস্থতার মধ্যে আটকে আছে। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, তাদের রাজনীতিটা যেন তাদের নেত্রীর স্বাস্থ্য থেকে মুক্তি পায়।

তথ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে যদি অপরাজনীতি সাম্প্রদায়িক, সাংঘর্ষিক বা রাজনীতির নামে বিএনপির মানুষকে অবরুদ্ধ করে রাখা, মানুষের ওপর বোমা নিক্ষেপ করা ইত্যাদি না থাকত, তাহলে গত ১১ বছরে বাংলাদেশ আরও বহুদূর এগিয়ে যেতে পারত। এরপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ পৃথিবীর ২৯তম অর্থনীতির দেশ। তার নেতৃত্বে অর্থনৈতিক, সামাজিক, মানব উন্নয়ন সূচকসহ সব সূচকে বাংলাদেশ পাকিস্তানকে অতিক্রম করেছে। এখানেই বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্থকতা।

আরও পড়ুন

×