ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

বিএনপির হৃদয়ে ক্ষমতার ক্ষুধা: ওবায়দুল কাদের

বিএনপির হৃদয়ে ক্ষমতার ক্ষুধা: ওবায়দুল কাদের
×

ওবায়দুল কাদের -ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুন ২০২০ | ০৫:১২

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির হৃদয়ে এখন ক্ষমতার ক্ষুধা। সেই ক্ষুধার তীব্রতায় দলটির মহাসচিব মির্জা ফখরুলের হৃদয় হাহাকার করছে।

মঙ্গলবার সংসদ ভবনের সরকারি বাসভবনে অনলাইন সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, বিএনপি শুধু মিথ্যাচার করে যাচ্ছে। বিএনপিকে বলবো, রাজনৈতিক অশুভ উদ্দেশে সত্যকে আড়াল করে অন্ধকারে ঢিল ছুঁড়বেন না। সরকারকে ঠেকাতে গিয়ে দেশের ক্ষতি করবেন না। 

‘সারাদেশে বিএনপির নেতাকর্মীদের ঢালাওভাবে গ্রেফতার ও মিথ্যা মামলা দেওয়া হচ্ছে’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন বক্তব্যের জবাবে তিনি আরও বলেন, কোথায় ঢালাওভাবে গ্রেফতার ও মামলা করা হচ্ছে- তার সঠিক তালিকা দিন। মানুষের ক্ষুধার হাহাকার কোথায় দেখছেন? আসলে জনমানুষের প্রতি সরকারের দায়িত্বশীলতায় বিএনপির গা জ্বালা করছে। 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যমূলক অপপ্রচার ও গুজব রটানো হচ্ছে। এসব গুজব ভাইরাসের চেয়েও ভয়ংকর।

তিনি বলেন, করোনার এই সময়ে আওয়ামী লীগের একটাই কর্মসূচি। তা হচ্ছে অভিন্ন শত্রু করোনা মোকাবিলা করা। সরকারের সামনে এখন দুটি চ্যালেঞ্জ- একটি করোনা সংক্রমণ রোধ ও আক্রান্তদের চিকিৎসা এবং অন্যটি করোনাজনিত অসহায় ও দরিদ্র মানুষের সুরক্ষা করা। সীমিত সামর্থ্য দিয়ে সেই কাজ সূচারুরপে সম্পন্ন করছে সরকার। 

করোনা সংকটের সময় সুদক্ষ ও সফল নেতৃত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান সেতুমন্ত্রী। তিনি বলেন, কিছু সীমাবদ্ধতা সত্ত্বেও এই চ্যালেঞ্জ উত্তরণে শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করছে। এতে জনগণের আস্থাও রয়েছে।

করোনা সংকটে বিজয়ী হওয়ার দৃঢ় আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, নিউজিল্যান্ড  ও ভিয়েতনাম পারলে আমরা কেন পারবো না? সবার সম্মিলিত চেষ্টায় আমরাও পারবো এবং সফল হবো ইনশাআল্লাহ।

আরও পড়ুন

×