সাবেক মেয়র তাপসের আরেক সহযোগী গ্রেপ্তার
আলাদা অভিযানে গ্রেপ্তার ২৮
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫ | ২১:৪৮
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলি ছুড়ে হত্যার ঘটনায় রাজধানীর ধানমন্ডি থানার মামলায় মোস্তাফিজুর রহমান টুটু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার গভীর রাতে বাড্ডা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসের ঘনিষ্ঠজন ও বিশেষ প্রতিনিধি হিসেবে পরিচিত ছিলেন।
সিআইডি সূত্র জানায়, মামলাটির তদন্তকালে জানা যায়, টুটু ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছাত্র–জনতার আন্দোলন দমনে নেতৃত্ব দেন। তিনি আব্দুল্লা সিদ্দিক হত্যাকান্ডে সরাসরি জড়িত বলে তথ্য–প্রমাণ পাওয়া যায়। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হয়।
মামলা সূত্রে জানা যায়, আব্দুল্লা সিদ্দিক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তার মৃতদেহ গুম করার চেষ্টা চালানো হয়। এ ঘটনায় বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক ফাইয়াজ আহমেদ রাতুল আদালতে লিখিত অভিযোগ করেন। আদালতের আদেশে ধানমন্ডি থানায় মামলাটি রুজু হয়।
এর আগে ১৫ মে সাবেক মেয়র তাপসের ঘনিষ্ঠ সহযোগী এস এম কামাল হায়দার ও ১৭ জুন খোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়।
এদিকে সোমবার দিনভর রাজধানীর মোহাম্মদপুরের অপরাধপ্রবণ স্পটগুলোয় বিশেষ অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ডিএমপির মোহাম্মদপুর থানা এ অভিযান চালায়। তাদের মধ্যে ১৫ জন মাদক সংক্রান্ত মামলায়, তিনজন পরোয়ানামূলে, চারজন ডাকাতির প্রস্তুতির মামলায়, একজন দ্রুতবিচার আইনে, একজন বিস্ফোরক আইনে এবং চারজনকে ডিএমপি অধ্যাদেশে গ্রেপ্তার করা হয়েছে।
