ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

প্রশাসন দখলের কথা বলা নেতাকে কারণ দর্শানোর নোটিশ জামায়াতের 

প্রশাসন দখলের কথা বলা নেতাকে কারণ দর্শানোর নোটিশ জামায়াতের 
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫ | ১৯:৪০ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৫ | ১৯:৫৬

নির্বাচনে প্রশাসন দখলের কথা বলা দলের সাবেক এমপি শাহজাহান চৌধুরীকে সোমবার কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জামায়াতে ইসলামী। কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না- এ বিষয়ে জানাতে সাতদিন সময় দেওয়া হয়েছে। সন্তোষজনক জবাব দিতে না পারলে দলীয় শৃঙ্খলাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে সতর্ক করা হয়েছে। 

জামায়াতের কর্মপরিষদ সদস্য শাহাজাহান চৌধুরী ১৯৯১ এবং ২০০১ সালে এমপি নির্বাচিত হন। আগামী নির্বাচনে তিনি চট্টগ্রাম-১৫ আসনে জামায়াতের প্রার্থী। গত শনিবার চট্টগ্রামে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘জামায়াতে ইসলামীর জন্য আজকের এই সুযোগ ভবিষ্যতে আর আসবে না। দুর্নীতির টাকা বাদ দেন, পার্শ্ববর্তী দেশ হিন্দুস্তান থেকে বস্তা বস্তা টাকা দেশে ঢুকবে। আর অস্ত্র ঢুকবে। আমিরে জামায়াত যদি থাকতো আমি বলতাম, নির্বাচন শুধু জনগণকে দিয়ে নয়। আমি ন্যাশনালি বলব না, যার যার নির্বাচনি এলাকায়– যারা প্রশাসনে আছে, তাদের অবশ্যই আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে।’

শাহজাহান চৌধুরীর এ বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে জামায়াত বিবৃতিতে জানায়, দল এই বক্তব্যকে সমর্থন করে না। পরে শাহজাহান চৌধুরী নিজের বক্তব্যের ব্যাখ্যায় দাবি করেন, তিনি প্রশাসনকে ভারতের নিয়ন্ত্রণমুক্ত করার কথা বলেছেন। 

গতকাল সোমবার পুলিশ কর্মকর্তাদের দুই সংগঠন শাহজাহান চৌধুরীর বক্তব্যের প্রতিবাদ জানায়। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের সমকালকে বলেছেন, সোমবার শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। 

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত এই নোটিশে বলা হয়েছে, ‘আপনার বক্তব্য প্রশাসনের পেশাদারিত্ব ও নিরপেক্ষতার মূল লক্ষ্যকে স্পষ্টত ব্যাহত করেছে। জামায়াত আশা করে, প্রশাসন পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে কাজ করবে। তাদের কাজে হস্তক্ষেপের সুযোগ নেই।’ 

নোটিশে শাহজাহান চৌধুরীকে বলা হয়েছে, ‘ইতিপূর্বে আপনি সংগঠনের ভাবমর্যাদা এবং শৃঙ্খলাবিরোধী বক্তব্য দিয়েছেন। আপনাকে কয়েকবার সতর্ক করা হয়েছে এবং পরামর্শ দেওয়া হয়েছে। এমনকি জামায়াত আমির আপনাকে ডেকে দৃষ্টি আকর্ষণ এবং সতর্ক করেছেন। কিন্তু আপনার মধ্যে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না।’ 

নোটিশে শাহজাহান চৌধুরীকে আরও বলা হয়েছে, ‘আপনার বক্তব্য প্রকাশের পর প্রশাসনের বিভিন্নস্তর থেকে তীব্র নিন্দা জানিয়েছে। কূটনৈতিক মহল থেকে সরাসরি প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। দলীয় জনশক্তি এবং সাধারণ মানুষের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। যাতে দলের ভাবমর্যাদা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’ 

আরও পড়ুন

×