সংখ্যালঘুদের ওপর নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দেব: ধর্মমন্ত্রী
ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ মে ২০২৬ | ১৫:৪১ | আপডেট: ১১ মে ২০২৬ | ১৭:৩৯
সংখ্যালঘু বা অন্য ধর্মের মানুষের ওপর অত্যাচার, নির্যাতন সহ্য করা হবে না জানিয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেন, প্রয়োজনবোধে মন্ত্রিত্ব ছেড়ে দেব।
আজ সোমবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত 'বিএসআরএফ সংলাপ' এ তিনি এসব কথা বলেন।
ভারতে সংখ্যালঘু মুসলমানদের ওপর নির্যাতন হচ্ছে। এ বিষয়ে ভারত সরকারের সঙ্গে কথা বলবেন কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, 'ভারত তো বিশাল দেশ। উনাদেরকে আমি শ্রদ্ধা করি কারণ উনাদের দেশে গণতন্ত্রটাকে তারা খুব লালন করে। তবে মনের থেকে আরও বেশি শ্রদ্ধা করব যদি ওই দেশের সংখ্যালঘুদেরকে উনারা আপন করে নেয়, নিরাপত্তা দেয় এবং উনাদের জনগণের একটা অংশ হিসেবে মনে করে সমস্ত ব্যবস্থা নেয়।'
তিনি বলেন, 'তবে আমি একটা কথা বলি, ভারতে কি ঘটছে এটা বড় জিনিস নয়। ভারতে ঘটছে বলে বাংলাদেশে ঘটবে এমনটা হতে দেওয়া হবে না। প্রয়োজনবোধে মন্ত্রিত্ব ছেড়ে দেব, কিন্তু এখানে কোনো সংখ্যালঘুদের ওপরে, কোনো অন্য ধর্মাবলম্বীদের ওপর অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন সহ্য করব না ইনশাআল্লাহ।'
আপনারা কোন পদক্ষেপ নেবেন কিনা এ বিষয়ে ধর্মমন্ত্রী বলেন, ‘অবশ্যই আমরা চেষ্টা করব। আমাদের সরকার প্রধান যিনি আছেন, তিনি অবশ্যই চিন্তা করছেন। এ ব্যাপারে অবশ্যই উনার পক্ষ থেকে কথা বলবেন।’
বিএসআরএফ এর সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।
- বিষয় :
- সংখ্যালঘু
- ধর্মমন্ত্রী
- রাজনীতি
