গ্যাস সংকটে পেট্রোবাংলার সামনে এনসিপির বিক্ষোভ
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬ | ২৩:৪০ | আপডেট: ০১ আগস্ট ২০২৬ | ২৩:৪২
গ্যাস সংকট ও গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখা শনিবার রাজধানী কাওরান বাজারে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে পেট্রোবাংলার সামনে অবস্থান নেয়।
বক্তারা বলেন, গ্যাসের অভাবে সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার। বাসাবাড়িতে দিনের পর দিন রান্না করা যাচ্ছে না। সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের সংকটে পরিবহন ব্যবস্থা ব্যাহত হচ্ছে এবং শিল্প-কারখানায় উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন পরিস্থিতিতে গ্যাসের মূল্য বৃদ্ধির যৌক্তিকতা নেই।
প্রধানমন্ত্রী ও জ্বালানীমন্ত্রীকে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে তারা বলেছেন, সমুদ্রসীমায় গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
এনসিপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, দ্রুত গ্যাস সংকটের সমাধান করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
আদীব পেট্রোবাংলা ও তিতাসে দুর্নীতির অভিযোগও তুলে ধরেন। তিনি বলেন, জ্বালানি সরবরাহ ও জনবান্ধব কর্মসূচি নেওয়ার কথা থাকলেও সংস্থাগুলো লুটপাটের সংস্থায় পরিণত হয়েছে। পেট্রোবাংলায় নিয়োগ ও পদোন্নতিতে কোটি কোটি টাকার বাণিজ্য হয়ে থাকে। এর ভাগ সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যায়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবসহ মহানগর নেতারা। হাড়ি পাতিল নিয়ে পেট্রোবাংলার সামনে অবস্থান নেন তাঁরা। আদিব বলেন, ছাত্রদল দিয়ে হামলা করিয়ে এনসিপিকে জনবান্ধব কর্মসূচি থেকে দূরে রাখতে চায় সরকার। কিন্তু এনসিপি পিছু হটবে না।
- বিষয় :
- গ্যাস সংকট
- বিক্ষোভ সমাবেশ
- পেট্রোবাংলা
- অবরোধ
- এনসিপি