রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিরোধী দলের সভা, গাজী নজরুল আমন্ত্রিত নন-তিন এমপি বিদেশে
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬ | ২০:২০
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের আগে বৃহস্পতিবার সংসদ ভবনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় বিরোধী জোটের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হবে। সভায় রাষ্ট্রপতি নির্বাচনে কীভাবে ভোট দিতে হবে, সে বিষয়ে সংসদ সদস্যদের (এমপি) প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।
১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানান, বৃহস্পতিবার সকাল ১১টায় সংসদ ভবনের বিরোধীদলীয় সভাকক্ষে এ সভা হবে।
বিরোধী জোটের সংসদ সদস্য ৯০ জন। তবে সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে সভায় আমন্ত্রণ জানানো হয়নি। জামায়াতে ইসলামীর সদস্যপদ থেকে বহিষ্কৃত হওয়ায় তাঁকে সংসদীয় দলের সভায় ডাকা হয়নি। অবশ্য রাষ্ট্রপতি নির্বাচনে তিনি ভোট দেওয়ার অধিকার রাখেন।
এদিকে বিরোধী জোটের তিন এমপি বর্তমানে দেশের বাইরে রয়েছেন। তাঁদের মধ্যে কুমিল্লা-১১ আসনের এমপি ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের চিকিৎসার জন্য বিদেশে রয়েছেন। রংপুর-২ আসনের এমপি এটিএম আজহারুল ইসলাম এবং সিলেট-৫ আসনের এমপি আবদুল হাসানও দেশের বাইরে রয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ হবে। এর মধ্যে বিদেশে থাকা এমপিরা দেশে না ফিরলে তাঁরা ভোট দিতে পারবেন না।
সংবিধানের ৪৮ অনুচ্ছেদ অনুযায়ী, জাতীয় সংসদের ৩৫০ সদস্য রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার। সংসদে বিএনপির এককভাবে ২৪৭ জন এমপি রয়েছেন। ফলে দলটির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় অনেকটাই নিশ্চিত। তবে বিনাপ্রতিদ্বন্দ্বিতার নির্বাচন ঠেকানোর লক্ষ্যে বিরোধী জোট থেকে কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমকে প্রার্থী করা হয়েছে।
সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর ১৯৯১ সালে সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনে সরাসরি সংসদ সদস্যদের ভোট নেওয়া হয়েছিল। এরপর আরও সাতবার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিনাপ্রতিদ্বন্দ্বিতায়।
১৯৯১ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী আবদুর রহমান বিশ্বাস ১৭২ ভোট পেয়ে জয়ী হন। আওয়ামী লীগের প্রার্থী বিচারপতি বদরুল হায়দার চৌধুরী পেয়েছিলেন ৯২ ভোট। জাতীয় পার্টির ৩৫ ও জামায়াতে ইসলামীর ২০ এমপিসহ মোট ৬৬ জন ভোটদানে বিরত ছিলেন।
১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী, সংসদ সদস্যদের প্রকাশ্য ব্যালটে ভোট দিতে হয়। চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, দলীয় প্রার্থীর বিরুদ্ধে কোনো এমপি ভোট দিলে সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী তাঁর সংসদ সদস্য পদ বাতিল হতে পারে। ফলে এবারের রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলও অনেকটাই অনুমেয়।
- বিষয় :
- রাষ্ট্রপতি
- নির্বাচন
- বিরোধী দল