দুঃশাসন হটাতে বাম বিকল্প শক্তি গড়ে তুলুন: মুজাহিদুল সেলিম
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০১৯ | ০৯:৫১
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম আগামী ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিন 'কালো দিবস' হিসেবে পালনের জন্য নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, দেশে বর্তমানে আওয়ামী দুঃশাসন চলছে। এই দুঃশাসন হটানোর সঙ্গে সঙ্গে বিদ্যমান ব্যবস্থারও পরিবর্তন করতে হবে। এ লক্ষ্যে বাম বিকল্প শক্তি গড়ে তোলার বিকল্প নেই। দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে বিকল্প শক্তি গড়ার সেই সংগ্রাম জোরদার করতে হবে।
বুধবার রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সিপিবির জাতীয় পরিষদ সভায় সভাপতির বক্তব্যে মুজাহিদুল ইসলাম সেলিম এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা জাতীয় ও আন্তর্জাতিকভাবে কঠিন দিনের সম্মুখীন। ভারতের নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) ও এনআরসি দক্ষিণ এশিয়ায়ও সাম্প্র্রদায়িক বিভাজনের রাজনীতি ও মেরুকরণ গভীর করবে। তাই এটা শুধু ভারতের অভ্যন্তরীণ বিষয় নয়। এর বিরুদ্ধে দক্ষিণ এশিয়ার জনগণের ঐক্যবদ্ধ লড়াই জরুরি হয়ে পড়েছে।
সভায় প্রতিবেদন উপস্থাপন করেন সিপিবির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম।
বক্তব্য দেন দলের জাতীয় পরিষদ সদস্য শিবনাথ চক্রবর্তী, শ ম কামাল হোসেন,
অশোক সাহা, মোতালেব মোল্লা, শহীদউদ্দিন বাবুল, দিলীপ পাইক, আবুল ইসলাম
শিকদার, নিসার আহমেদ, সাজিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান মুকুল, আনোয়ার
হোসেন রেজা প্রমুখ।
- বিষয় :
- সিপিবি
- মুজাহিদুল ইসলাম সেলিম
