বিএনপির মনোনয়ন ফরম নিলেন রিপন-তাবিথ ও ইশরাক
ড. আসাদুজ্জামান রিপন, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও তাবিথ আউয়াল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৯ | ০৭:৪০ | আপডেট: ০১ মার্চ ২০২০ | ১০:৪৮
ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনে নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী হতে তিনজন মনোনয়নপত্র কিনেছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল মনোনয়ন ফরম সংগ্রহ করেন। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) অবিভক্ত ঢাকার সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এককভাবে দলীয় মনোনয়ন ফরম নেন।
বৃহস্পতিবার বিকেলে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কাছ থেকে তারা এ ফরম সংগ্রহ করেন। মেয়র ও কাউন্সিলর পদের মনোনয়নপত্রের মূল্য ১০ হাজার টাকা। তবে ফরম জমা দেওয়ার সময় অফেরতযোগ্য জামানত হিসেবে ১ লাখ টাকা দিতে হবে। বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়ার শেষ সময় আগামীকাল শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত। শনিবার বিকেলে গুলশান কার্যালয়ে দলের মনোনয়ন বোর্ডের সভায় দুই সিটির মেয়র প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি।
এদিকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ইভিএমে ভোট কারচুপির আশঙ্কা প্রকাশ করে ইশরাক বলেন, ইভিএম পরিচালনাকারীদের মধ্যে প্রার্থীর এজেন্ট নিয়োগে আইন করার দাবি জানাচ্ছি। দলের মনোনয়নের ব্যাপারে আশাবাদী কি না জানতে চাইলে ইশরাক সাংবাদিকদের বলেন, দলের উচ্চপর্যায় থেকে প্রস্তুতি নিতে ইঙ্গিত দেওয়া হয়েছে।
তিনি বলেন, বৃহত্তর আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে যাচ্ছি। ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য, খালেদা জিয়াকে মুক্ত করার জন্য এবং বাংলাদেশে ক্ষমতার ভারসাম্য ফিরিয়ে আনার জন্য দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এই নির্বাচনে অংশ নিতে যাচ্ছি। নির্বাচন কমিশনের কাছে দাবি থাকবে, একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য তাদের যে সাংবিধানিক অধিকার দেওয়া হয়েছে তারো যেনো সেই পবিত্র দায়িত্বটা পালন করেন।
মনোনয়ন ফরম নেওয়ার সময় আসাদুজ্জামান রিপন বলেন, এই নির্বাচন থেকে প্রত্যাশা করার কিছু নাই। দেশে অনেক আগে থেকে ভোট নির্বাসিত হয়ে গেছে। কয়েক বছরে সুষ্ঠুভাবে কোনো নির্বাচন হয়নি, যা হয়েছে জোচ্চুরির নির্বাচন।
মনোনয়নপত্র সংগ্রহের পর তাবিথ আউয়াল বলেন, জাতির কল্যাণে কাজ করতে, জনগণের সব অধিকার রক্ষায় ও আন্দোলনের অংশ হিসেবে এই নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিচ্ছি। আমি আশা করি, এবার সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আমরা পাব। যদি সেই সুযোগ পাই- আশা করি, জয়লাভ করবো এবং জনগণের কল্যাণে কাজ করতে পারব।
আগামী ৩০ জানুয়ারি ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনে ভোট অনুষ্ঠিত হবে। এ দুই সিটি করপোরেশনে কাউন্সিলর পদে বৃহস্পতিবার বিএনপির ১০৩ জন মনোনয়ন ফরম কিনেছেন।
- বিষয় :
- ডিএনসিসি
- ডিএসসিসি
- বিএনপি
- মনোনয়নপত্র
