নেতিবাচক রাজনীতি না থাকলে অগ্রগতি হতো আরও বেশি: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ- ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০ | ০৯:১৮
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদের প্রথম বছরকে ধারাবাহিক সাফল্যের আরও এক বছর অভিহিত করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ নেতিবাচক রাজনীতি ও সংঘর্ষের রাজনীতি পরিহারের পক্ষে। কিন্তু একপক্ষ হাত প্রসারিত করলে তা সম্ভব নয়, বিরোধী পক্ষকেও এগিয়ে আসতে হবে। নেতিবাচক রাজনীতি না থাকলে দেশের অগ্রগতি আরও বেশি হতো।
মঙ্গলবার সচিবালয়ে সম্মেলন কক্ষে সরকারের তৃতীয় মেয়াদের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন তথ্য সচিব কামরুন নাহার ও প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার।
হাছান মাহমুদ বলেন, গত বছরের ৭ জানুয়ারি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা টানা তৃতীয় মেয়াদে জনগণের ম্যান্ডেট নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব নেন। দশ বছরের সাফল্যের ধারাবাহিকতা রক্ষা করে গত বছরও বাংলাদেশের জন্য আরেকটি সাফল্যের বছর ছিল। ২০০৯ সালে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ধারাবাহিকভাবে অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। সেই অভিযাত্রায় বাংলাদেশ এখন আর স্বল্পোন্নত নয়, ইতোমধ্যেই মধ্যমআয়ের দেশে উন্নীত হয়েছে। বাংলাদেশ এখন আর খাদ্য ঘাটতির দেশ নয়, খাদ্যে উদ্বৃত্তের দেশে রূপান্তরিত হয়েছে।
তথ্যমন্ত্রী আরও বলেন, গত অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ৮ দশমিক ১৫ শতাংশ, যেটি দেশের ইতিহাসে সর্বোচ্চ। একই সঙ্গে মূল্যস্টম্ফীতি ছিল ছয় শতাংশের নিচে। গত ১১ বছরে পৃথিবীর সব রাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধির যোগফল নেওয়া হলে, বাংলাদেশ ছিল পৃথিবীর সর্বোচ্চ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ অর্জন জাতিকে লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের ক্ষেত্রে, স্বপ্ন পূরণের অভিযাত্রা দ্রুতগতিতে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অদম্য গতিতে এগিয়ে চলার স্বাক্ষর। তিনি বলেন, আজকে বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক সূচকে পাকিস্তানকে এবং কোনো কোনো ক্ষেত্রে ভারতকেও ছাড়িয়ে গেছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তথ্য মন্ত্রণালয়ের অধীনে ভারত এবং বাংলাদেশের যৌথ প্রযোজনায় একটি চলচ্চিত্র নির্মিত হচ্ছে জানিয়ে হাছান মাহমুদ বলেন, চলচ্চিত্র শিল্পীদের দাবি ছিল একটি কল্যাণ ট্রাস্ট করা। সেই কল্যাণ ট্রাস্ট গঠন করতে ট্রাস্ট আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে।
- বিষয় :
- তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ
