বিএনপিকে ভোট দিয়ে লাভ কী: নাসিম
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২০ | ০৬:৩৬
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থীকে ভোট দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম।
তিনি বলেছেন, সরকারের ক্ষমতায় আওয়ামী লীগ। দেশের জন্য আওয়ামী লীগ সরকারই কাজ করছে। বিএনপির প্রার্থীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। বিএনপিকে ভোট দিয়ে লাভ কী?
মোহাম্মদ নাসিম বলেন, এই সিটি নির্বাচনের মাধ্যমে আমরা পরিচ্ছন্ন, নিরাপদ ও বসবাস উপযোগী ঢাকা দেখতে চাই। নির্বাচনে ইনশাল্লাহ আমরাই জিতব।
বুধবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত 'বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস' উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
নাসিম বলেন, 'সিটি করপারেশন নির্বাচনে ঢাকাবাসী যে রায় দেবে, সেই রায় আমরা মেনে নেব। দয়া করে সবাই ভোট কেন্দ্রে ভোট দিতে আসবেন। সিটি নির্বাচন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। আমরা প্রশ্নবিদ্ধ নির্বাচন চাই না।'
তিনি আরও বলেন, আগামী ৩০ তারিখের নির্বাচন ঢাকাবাসীর জন্য ইলেকট্রিক মেশিনে ভোট হবে। সেখানে অনেক মিডিয়ার ক্যামেরা থাকবে। ভোট কারচুপির কোনও প্রশ্নই ওঠে না। নির্বাচনে আমরা ১৪ দল সবাই মিলে কাজ করছি। বিএনপিকে বলব, আপনারা খেলার আগেই কেন সরে যাচ্ছেন।
নাসিম বলেন, আমরা কোনও প্রশ্নবিদ্ধ নির্বাচন চাই না। ঢাকা সিটি করপোরেশন নির্বাচন হবে আওয়ামী লীগের গত এক বছরে জনগণের মূল্যায়নের বছর। ঢাকাবাসী আগামীতে মশক, ডেঙ্গু এবং মাদকমুক্ত পরিচ্ছন্ন ঢাকা দেখতে চায়।
সংগঠনের সহ-সভাপতি রফিকুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
- বিষয় :
- মোহাম্মদ নাসিম
- আওয়ামী লীগ
- সিটি নির্বাচন
