বর্ণাঢ্য আয়োজনে লন্ডনে আনন্দধারা আর্টসের বর্ষবরণ
ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬ | ১৬:৫৮
বাংলা নববর্ষ উপলক্ষে আনন্দধারা আর্টসের আয়োজনে লন্ডনে অনুষ্ঠিত হয়েছে ‘বর্ষবরণ ১৪৩৩’ অনুষ্ঠান। গত ১৮ এপ্রিল সংগঠনের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে বর্ণিল শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসব শুরু হয়।
পূর্ব লন্ডনের রেডব্রিজ মেথডিস্ট চার্চ মিলনায়তনে এই আয়োজনে দল-মত নির্বিশেষে প্রবাসী বাংলাদেশিসহ যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক’শ দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক সর্বজনীন মিলনমেলায়।
এবারের আয়োজনে বিশেষ আকর্ষণ ছিল শিশু-কিশোরদের পরিবেশনা, যা ‘ষড়ঋতু’কে কেন্দ্র করে সাজানো হয়। বাংলার ছয় ঋতুর বৈচিত্র্য, সংশ্লিষ্ট ছড়া, গান ও শৈল্পিক ব্যাখ্যার সমন্বয়ে বিলেতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের অংশগ্রহণে একটি সৃজনশীল ও গবেষণাভিত্তিক উপস্থাপনা দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে।
আবৃত্তি সংগঠন ‘বর্ণন’-এর সদস্যদের সম্মিলিত আবৃত্তি এবং রবীন্দ্রসংগীত শিল্পী মৃত্তিকা সহিতার পরিবেশনা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। এছাড়া আনন্দধারা আর্টসের শিল্পীদের গান ও নৃত্য পরিবেশনা ছিল মনোমুগ্ধকর।
অনুষ্ঠানের যন্ত্রসঙ্গীতে ছিলেন প্রীতম সাহা, অমি ইসলাম, তানিম এবং পিয়াস বড়ুয়া। শব্দ সঞ্চালনায় ছিলেন ইয়াসিন কীর্তি এবং মঞ্চসজ্জায় গোলাম আকবর মুক্তা।
অনুষ্ঠানের ভিজুয়াল মিডিয়া প্রযোজনা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ সম্প্রচার পরিচালনা করেন বিলেতের সাংস্কৃতিক কর্মী জয়দ্বীপ রায়।
আনন্দধারা আর্টসের পরিচালক ডা. ইমতিয়াজ আহমেদ বলেন, ‘বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। কোনো অশুভ শক্তি চাইলেই একে নষ্ট করে দিতে পারে না।’
শিল্পী ও দর্শকদের সমবেত পরিবেশনায় ‘এসো হে বৈশাখ’ গানের মধ্য দিয়ে আনন্দঘন এই বর্ষবরণ উৎসবের সমাপ্তি ঘটে।
