বর্ণাঢ্য আয়োজনে লন্ডনে সুরালয়ের বর্ষবরণ
ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬ | ১৯:১৬
লন্ডনে বাংলাদেশি-ব্রিটিশ কমিউনিটির সঙ্গীত শিক্ষালয় ‘সুরালয়’-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বাংলা বর্ষবরণ উৎসব। ২৫ এপ্রিল পূর্ব লন্ডনের ইলফোর্ডের ভ্যালেন্টাইনস পার্কে জমে ওঠে এ উৎসব। গানে গানে, শিশু-কিশোরদের পদচারণা এবং বৈচিত্র্যময় বাঙালি খাবারের সমাহারে আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও বর্ণাঢ্য।
গৌরী চৌধুরীর নেতৃত্বে সমবেত কণ্ঠে ‘এসো হে বৈশাখ, এসো এসো’ গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে অংশ নেন একঝাঁক সম্ভাবনাময় শিশু-কিশোরের পাশাপাশি বিভিন্ন বয়সের শিল্পী ও উপস্থিত সুধীজন।
লন্ডনে জন্ম ও বেড়ে ওঠা শিশু-কিশোরদের নির্ভুল উচ্চারণ ও সাবলীল গায়কী বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে। তাঁদের পরিবেশনায় ফুটে ওঠে সংগীতচর্চার আন্তরিকতা, নিষ্ঠা ও শৈল্পিক অনুশীলনের ছাপ।
দলীয় পরিবেশনার পর একক সংগীত পরিবেশন করেন স্নিগ্ধা, জায়া, রিঅঞ্জ, রাজকন্যা, রূপকথা, উদিতি, বিরজাসহ আরও অনেকে। তাদের কণ্ঠে পরিবেশিত হয় ‘একি লাবণ্যে পূর্ণ প্রাণ’, ‘রাঙামাটির রঙে’, ‘আহা, আজি এ বসন্তে এত ফুল ফুটে’, ‘বুলবুল পাখি, ময়না-টিয়ে আয় না’সহ বিভিন্ন জনপ্রিয় বাংলা গান।
শিশু-কিশোরদের জন্য আয়োজন করা হয় বিভিন্ন প্রতিযোগিতা। এতে অংশগ্রহণকারী ও কৃতিত্ব অর্জনকারীদের জন্য ছিল পুরস্কারের ব্যবস্থা, যা তাদের উৎসাহ ও আনন্দকে আরও বাড়িয়ে তোলে।
যুক্তরাজ্যে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে রেডব্রিজ কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দা ফেরদৌসি পাশা তার বক্তব্যে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ শিশু-কিশোরদের বাংলা সঙ্গীত শিক্ষায় গৌরী চৌধুরীর অবদানের প্রশংসা করে বলেন, ‘সুরালয় শুধু সঙ্গীত শিক্ষাই নয়, বাঙালি সংস্কৃতির বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’
অনুষ্ঠানে সুরালয়ের শুভাকাঙ্ক্ষী কবি ও সাংবাদিক সারওয়ার-ই আলমও বক্তব্য দেন। তিনি বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে বাঙালির অসাম্প্রদায়িক চেতনা ও গৌরবোজ্জ্বল সাংস্কৃতিক ঐতিহ্য ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজনের গুরুত্ব অপরিসীম।
বর্ষবরণের এই আয়োজনে সুরালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের পাশাপাশি উপস্থিত ছিলেন শিক্ষালয়টির শুভাকাঙ্ক্ষী মেহাম্মদ আব্দুর রাকীব, রিপা রাকিব, স্বপন নন্দী, সৈয়দ আনাস পাশা, রিনা দাস, শামীমা মিতা প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
