ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

লন্ডনে বাংলাদেশ ওয়ার্কার্স কাউন্সিলের মে দিবস পালন

লন্ডনে বাংলাদেশ ওয়ার্কার্স কাউন্সিলের মে দিবস পালন
×

লন্ডনের মাইক্রোবিজনেস সেন্টারে মে দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৬ | ২১:০৩

যুক্তরাজ্যে বাংলাদেশ ওয়ার্কার্স কাউন্সিল ও নিজর মানুষ সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক মে দিবস পালন করা হয়েছে। ১০ মে পূর্ব লন্ডনের মাইক্রোবিজনেস সেন্টারে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

আলোচনা সভায় বক্তব্য দেন ব্রিটিশ লেবার পার্টির পূর্ব লন্ডনের পপলার অ্যান্ড লাইমহাউস আসনের বামপন্থী এমপি আপসানা বেগম, কমিউনিস্ট পার্টি অব ব্রিটেনের সাধারণ সম্পাদক এলেক্স গর্ডন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি যুক্তরাজ্য ও ইউরোপ শাখার সভাপতি আবেদ আলী, বাংলাদেশ ওয়ার্কার্স কাউন্সিলের সহ-সভাপতি ড. আখতার সোবহান মাসরুর, ওয়ালি রহমান, কার্যনির্বাহী সদস্য ডা. রফিকুল হাসান খান জিন্নাহ, অর্থ সম্পাদক মাহমুদ রিয়াদ, ইতিহাসবিদ ও অ্যাক্টিভিস্ট ডেভিড রোসেনবার্গ এবং নিজর মানুষ সংগঠনের গ্যা বরিয়েল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ওয়ার্কার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক শাহরিয়ার বিন আলী।

ব্রিটিশ শ্রমিক শ্রেণির অবস্থা তুলে ধরে হাউজ অব কমন্স সদস্য আপসানা বেগম বলেন, ‘দক্ষিণপন্থার ব্যর্থতা ও সাম্রাজ্যবাদী যুদ্ধের প্রভাব সাধারণ মানুষের উপর পড়ছে। যুদ্ধের জন্য সামরিক ব্যয় বাড়ানোর পাশাপাশি সেবা খাত ও বেনিফিট কর্তন করা হচ্ছে। শাসক শ্রেণি তাদের ব্যর্থতা আড়াল, বিভাজন তৈরী করতে অভিবাসন বিরোধী রাজনীতিকেও চাঙ্গা করছে। কখনও ধর্ম, কখনো বর্ণবাদী রাজনীতিকে সামনে আনছে।’ তিনি ফিলিস্তিনে ইসরাইলি হামলার নিন্দা জানিয়ে সমস্যার ন্যায়সঙ্গত সমাধানের দাবি জানান এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে গণআন্দোলন জোরদারের আহ্বান জানান।

কমিউনিস্ট পার্টি অব ব্রিটেনের সাধারণ সম্পাদক এলেক্স গর্ডন বলেন, ‘বিভেদের রাজনীতির বাইরে স্থানীয় ও বৈশ্বিক পর্যায়ে শ্রমিক শ্রেণির ঐক্য ও লড়াইয়ের মধ্য দিয়ে শোষণ ও বৈষম্যমূলক বিশ্বপুঁজিবাদী ব্যবস্থার বিরুদ্ধে মানুষের মুক্তি সংগ্রামকে এগিয়ে নিতে হবে।’ এছাড়া তিনি মার্কিন যুদ্ধনীতি, ভেনেজুয়েলায় হস্তক্ষেপ এবং কিউবার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জ্বালানি অবরোধের সমালোচনা করেন। কিউবার জনগণের সহায়তায় সৌরবিদ্যুৎ প্রকল্প গড়ে তুলতে তহবিল সংগ্রহের আহ্বানও জানান তিনি।

বাংলাদেশ ওয়ার্কার্স কাউন্সিলের সহ-সভাপতি ড. আখতার সোবহান মাসরুর বাংলাদেশে সম্প্রতি জাতীয় সংসদে পাশকৃত নতুন শ্রম আইনে শ্রমিকের সংজ্ঞা  বদলে  সুপারভাইজার সহ অন্যদের শ্রমিকের তালিকা থেকে বাদ দেবার সমালোচনা  করে ন্যূনতম  জাতীয় মজুরি ঘোষণা  ও শহরের শ্রমিকদের লিভিং ওয়েজ  দেবার  আহবান জানান। 

সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন স্বাধীন উদীচী শিল্পী গোষ্ঠী, গ্রেট ইয়েডিস প্যা রেড, জান্নাত মাহি। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×