বাংলাদেশে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে লন্ডনে মানববন্ধন
ছবি : সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ মে ২০২৬ | ০৫:০৬
যুক্তরাজ্যভিত্তিক নারীর ক্ষমতায়ন ও ক্যাপাসিটি বিল্ডিং বিষয়ক সংগঠন গ্লোউইম্যান ইউকের উদ্যোগে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে বাংলাদেশে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
নারী নির্যাতন, শিশু সুরক্ষা এবং নারী-শিশুর অধিকার নিশ্চিতে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবিতে গত ২৩ মে (শনিবার) আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও কমিউনিটি সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
মানববন্ধনে লন্ডনের সামাজিক ও সাংস্কৃতিক কর্মী, সংগীতশিল্পী, নৃত্যশিল্পী, শিক্ষক, কর্মজীবী, অভিভাবক ও সচেতন নাগরিকসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড হাতে নিয়ে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানান।
বক্তারা বলেন, মিরপুরে সাত বছরের শিশুর ওপর সংঘটিত ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ড পুরো জাতির বিবেককে নাড়া দিয়েছে। এ ধরনের অপরাধ দেশের ভাবমূর্তিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ক্ষতিগ্রস্ত করছে।
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়; এটি নাগরিক সমাজেরও নৈতিক দায়িত্ব। সমাজের সব স্তরের মানুষকে এ বিষয়ে আরও সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
মানববন্ধনে সভাপ্রধান ছিলেন গ্লোউইম্যান ইউকের প্রতিষ্ঠাতা, প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালক স্নিগ্ধা মিষ্টি। সার্বিক সহযোগিতায় ছিলেন বিলেতে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কাজ করা সংগঠন ‘হৃদয়ে ৭১’-এর সদস্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন লন্ডনের টিভি মিডিয়ার পরিচিত উপস্থাপিকা ফারজানা আহমেদ।
এই মানববন্ধনে উপস্থিত ছিলেন লন্ডনের স্বনামধন্য লেখক, গবেষক ও সাংবাদিক মতিয়ার চৌধুরী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন, যুক্তরাজ্য বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আলীমুজ্জামান, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ব্যারিস্টার আনিসুর রহমান আনিস, সাংস্কৃতিক ও কমিউনিটি ব্যক্তিত্ব কবি মুজিবুল হক মনি, টিভি ব্যক্তিত্ব শামিমা মিতা, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্মৃতি আজাদ, সেক্যুলার বাংলাদেশ মুভমেন্টের চেয়ারম্যান পুষ্পিতা গুপ্তা, কবি হাফসা ইসলাম, একাত্তরের কণ্ঠযোদ্ধা হিমাংশু গোস্বামী, সংগীতশিল্পী রিপা রকিব, সংগীতশিল্পী জিনাত শফিক, শফিক খান, রিয়া রয়, রাবেয়া পাপিয়া, কাউন্সিলর হালিম এবং সংগীতশিল্পী শাহনাজ শুমি প্রমুখ।
শেষে আয়োজকরা নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত ও নিরাপদ সমাজ গঠনে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- মানববন্ধন
- শিশু ধর্ষণ ও হত্যা
