বিগ টিকেট লটারিতে ১০ লাখ দিরহাম জিতলেন প্রবাসী বাংলাদেশি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৬ | ০১:১৫
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জনপ্রিয় লটারি বিগ টিকিটের সিরিজ-২৮৮ এর ড্রতে বাংলাদেশিসহ ভারতীয় পাঁচ প্রবাসী ১০ লাখ দিরহাম করে সান্ত্বনা পুরস্কার জিতেছেন। তাদের প্রত্যেকে ১০ লাখ দিরহাম (প্রায় ৩ কোটি ৩৩ লাখ টাকা) করে পেয়েছেন। মোট পুরস্কারের পরিমাণ ৫০ লাখ দিরহাম।
আয়োজকদের তথ্য অনুযায়ী, বিজয়ীদের মধ্যে রয়েছেন বাংলাদেশের মোহাম্মদ আতিক হাসান। তার টিকিট নম্বর ছিল ৩৫৯৬৮৫। অপর বিজয়ী ভারতীয় প্রবাসী ল্যান্সি প্যারিসের টিকিট নম্বর ৪৩৪৪২০।
এ ছাড়া কেরালার তিন ভারতীয় প্রবাসীও ১০ লাখ দিরহাম করে জিতেছেন। তাদের একজন উপেন্দ্রন সিজু। ৪০ বছর বয়সী এই প্রবাসী গত ২০ বছর ধরে ইউএইতে বসবাস করছেন। প্রায় নয় বছর ধরে ২০ সদস্যের একটি দলের সঙ্গে নিয়মিত বিগ টিকিটের ড্রতে অংশ নিচ্ছিলেন। এবারই প্রথম তিনি পুরস্কার জিতলেন।
পুরস্কারের অর্থ দিয়ে ব্যক্তিগত ঋণ পরিশোধের পরিকল্পনার কথা জানিয়ে সিজু বলেন, অনেক বছর চেষ্টা করেও জিততে না পারলেও অংশগ্রহণ চালিয়ে যাওয়া উচিত।
আরেক বিজয়ী শিবপ্রসাদ রবীন্দ্রন প্রায় ২৯ বছর ধরে ইউএইতে আছেন। তিনি ২৭ সদস্যের একটি দলের সঙ্গে ১২ বছর ধরে বিগ টিকিটে অংশ নিচ্ছেন। প্রথমবারের মতো পুরস্কার জয়ের পর তিনি জানান, তার অংশের অর্থ পরিবারের জন্য ব্যয় করবেন, বিশেষ করে কেরালায় পড়াশোনা করা মেয়ের শিক্ষার পেছনে।
আরেক ভারতীয় প্রবাসী আখিল এনবির জন্য এটি ছিল প্রথমবারের মতো বিগ টিকিটে অংশগ্রহণ। ইউএইতে বিমানবন্দরের টিম লিডার হিসেবে কর্মরত ৩২ বছর বয়সী আখিল পাঁচ বন্ধুর সঙ্গে একটি টিকিট কিনেছিলেন। পুরস্কারের অর্থ ভবিষ্যতের সঞ্চয় হিসেবে বিনিয়োগ করার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
এদিকে জুলাই মাসজুড়ে বিগ টিকিটের প্রচার কার্যক্রম চলবে। আগামী ৩ আগস্ট অনুষ্ঠিতব্য ড্রতে ২ কোটি দিরহামের (২০ মিলিয়ন) জ্যাকপট বিজয়ী ঘোষণা করা হবে। একই দিনে আরও পাঁচজন ১ লাখ দিরহাম করে সান্ত্বনা পুরস্কার পাবেন। এ ছাড়া সাপ্তাহিক ই-ড্র এবং বিলাসবহুল গাড়ি জেতার সুযোগও থাকছে অংশগ্রহণকারীদের জন্য।