কানাডায় বিশ্বকাপ ফাইনালকে ঘিরে প্রবাসীদের মিলনমেলা
কানাডায় ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচের বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন অব নোভা স্কশিয়া। ছবি: সমকাল
কানাডা প্রতিনিধি
প্রকাশ: ২০ জুলাই ২০২৬ | ১১:৫৭ | আপডেট: ২০ জুলাই ২০২৬ | ১৩:১৫
কানাডার নোভা স্কশিয়ায় প্রথমবারের মতো বড় পরিসরে ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচের বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন অব নোভা স্কশিয়া। ডার্টমাউথ ক্রসিং সিনেপ্লেক্সে আয়োজিত এ অনুষ্ঠান প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন দেশের ফুটবলপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়।
বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনাল উপভোগ করতে বাংলাদেশ ছাড়াও রাশিয়া, স্পেন, ব্রাজিল, আর্জেন্টিনা, ক্যামেরুন, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নাইজেরিয়া, তিউনিসিয়া, উজবেকিস্তান ও নেদারল্যান্ডসসহ বিভিন্ন দেশের দর্শক একত্রিত হন। ভিন্ন ভাষা, সংস্কৃতি ও জাতীয়তার মানুষ একই ছাদের নিচে বসে ফুটবলের আনন্দ ভাগাভাগি করেন। এতে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও বন্ধুত্বের এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়।
আয়োজকদের জানানো হয়, অনুষ্ঠানের সব টিকিট আগেই বিক্রি হয়ে যায়। সিনেপ্লেক্সের প্রতিটি আসন পূর্ণ ছিল। সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
আয়োজকরা বলেন, এই আয়োজনের উদ্দেশ্য ছিল শুধু বিশ্বকাপ ফাইনাল উপভোগ নয়; বরং খেলাধুলার মাধ্যমে বিভিন্ন সংস্কৃতি ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, শ্রদ্ধাবোধ এবং সামাজিক বন্ধন আরও শক্তিশালী করা। ফুটবল মানুষের মধ্যে দূরত্ব কমিয়ে সম্প্রীতির সেতুবন্ধন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তাঁরা আরও জানান, ভবিষ্যতেও আন্তর্জাতিক ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে নোভা স্কশিয়ায় বহুসাংস্কৃতিক সমাজের মধ্যে সম্প্রীতি, অন্তর্ভুক্তি এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার উদ্যোগ অব্যাহত থাকবে।
- বিষয় :
- বিশ্বকাপ ফুটবল
- প্রদর্শনী
- কানাডা