ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

খোজারখলা পুকুর সংস্কার শুরু

খোজারখলা পুকুর সংস্কার শুরু
×

সিলেট নগরীর দক্ষিণ সুরমায় সোমবার খোজারখাল পরিষ্কারের কাজ পরিদর্শনে সিসিক প্রশাসক সমকাল

সিলেট ব্যুরো

প্রকাশ: ২১ জুলাই ২০২৬ | ০৮:১৯

| প্রিন্ট সংস্করণ

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সম্প্রতি দক্ষিণ সুরমার খোজারখলা এলাকার পরিত্যক্ত একটি ঐতিহ্যবাহী পুকুর সংস্কারের ঘোষণা দিয়েছিল। এর মাত্র একদিনের মাথায় শুরু হয়েছে সেই কার্যক্রম। সিসিকের উদ্যোগে সোমবার থেকে পুকুরটিতে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

অভিযানের প্রথম দিনে সিসিকের আধুনিক উইড হারভেস্টার মেশিন ব্যবহার করে পুকুরজুড়ে ছড়িয়ে থাকা বিপুল পরিমাণ কচুরিপানা ও আবর্জনা অপসারণ করা হয়। এ সময় পুকুরপাড়ে দাঁড়িয়ে সশরীরে পুরো কার্যক্রম তদারকি করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এর আগে গত ১৫ জুলাই তিনি স্থানীয় খোজারখলা সমাজকল্যাণ সংঘের পেছনের এই পুকুরটি পরিদর্শন করে জলাধারটি দ্রুত রক্ষার আশ্বাস দিয়েছিলেন।

অভিযানকালে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, কারও দাবির পরিপ্রেক্ষিতে নয়, নিজস্ব দায়িত্ববোধ ও দায়বদ্ধতা থেকে একের পর এক উন্নয়নকাজ বাস্তবায়ন করে যাচ্ছেন। কয়েকদিন আগে খোজারখলায় এসে পুকুরটির দুরবস্থা দেখে এলাকাবাসীকে এটি উদ্ধারের আশ্বাস দিয়েছিলেন। আজ সেই কাজ শুরু হলো। তবে পুকুরটি পরিচ্ছন্ন রাখার পর এর স্থায়ী সংরক্ষণে এখন এলাকাবাসীকেই সবচেয়ে বেশি উদ্যোগী হতে হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই পুকুরটি একসময় খোজারখলা এলাকার মানুষের নিত্যব্যবহার্য জলাধার ছিল। কিন্তু দীর্ঘ বছর ধরে সংস্কারের অভাবে ধীরে ধীরে পুকুরটি কচুরিপানা ও ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়। ফলে দুর্গন্ধ, মশা এবং পরিবেশ দূষণের প্রধান উৎসে রূপ নেয় এটি। এছাড়া চারপাশে কোনো নিরাপত্তা রেলিং না থাকায় পুকুরটি পথচারী ও শিশুদের জন্য দুর্ঘটনার ঝুঁকিও তৈরি করেছিল। খোজারখলা পঞ্চায়েত কমিটির সভাপতি আজমল আলী সিসিকের এই দ্রুত পদক্ষেপ নেওয়ার কারণে সংশ্লিষ্টদের প্রশংসা করেন।

আরও পড়ুন

×