ঈদ উদযাপন করলেন কানাডা প্রবাসীরা
ছবি: সমকাল
ক্যালগেরি (কানাডা) প্রতিনিধি
প্রকাশ: ২৮ মে ২০২৬ | ১৪:৪৫
ঈদ এলেই সবার মন ছুটে যায় আপন ঠিকানায়। কিন্তু প্রবাস জীবনের বাস্তবতায় সেই স্বপ্ন পূরণ হয় না অনেকেরই। বাস কিংবা ট্রেনের টিকিট কেটে গ্রামের বাড়িতে ফেরা, স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা এসবই থেকে যায় স্মৃতির পাতায়। তবুও ঈদ উদযাপনে মেতেছেন কানাডার প্রবাসীরা।
কানাডায় নির্ধারিত স্থান ছাড়া কোরবানি দেওয়া যায় না। তাই কেউ কেউ শহরের বাইরে খামারগুলোতে গিয়ে কোরবানি দেন। আবার অনেকে আগে থেকেই গ্রোসারি দোকানে অর্ডার করে রাখেন। তবে কোরবানির মাংস পেতে অনেক সময় তিন থেকে চার দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়।
ঈদের দিনও অনেক প্রবাসীকে কাজে যেতে হয়। তারপরও ভোরে নতুন পোশাক পরে ঈদের নামাজে অংশ নেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। প্রবাসীদের ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন আলবার্টার প্রিমিয়ার ডানিয়েল স্মিথও।
ঈদ উপলক্ষে একে অপরের সঙ্গে কুশল বিনিময়, আড্ডা আর মিলনমেলায় মেতে ওঠেন প্রবাসীরা। নানা সুস্বাদু খাবারের আয়োজনও থাকে পরিবার ও বন্ধুদের ঘিরে। প্রবাসে গড়ে ওঠা এই সম্পর্কগুলোই ধীরে ধীরে হয়ে ওঠে আত্মীয়তার বন্ধন।
দেশে থাকা স্বজনদের সঙ্গে টেলিফোন ও ভিডিও কলে চলে ঈদের শুভেচ্ছা বিনিময়। অনেকের কণ্ঠে তখন ভেসে ওঠে আবেগ আর না বলা কষ্ট। কেউ কেউ অশ্রুসিক্ত চোখে স্মরণ করেন দেশের ঈদের স্মৃতি।
সংগীত শিল্পী সোহাগ হাসান বলেন, ‘প্রবাস থেকে হাজার মাইল দূরে থাকলেও বাংলাদেশ আমাদের হৃদয়ে। আমরা শৈশবের সেই আনন্দময় ঈদ কে খুব মিস করি।’
প্রবাসী নাজনীন হক বলেন, ‘এখানে প্রবাসীরাই আমাদের আপনজন হয়ে উঠেছে। আমরা একসাথে সুখে দুঃখে সবাই মিলে মিশে ঈদ উদযাপন করলেও দেশ ও দেশের স্বজনদের খুব মিস্ করি।’
