লন্ডনে আনন্দধারা আর্টসের উদ্যোগে ‘নজরুল উৎসব’
ছবি-সংগৃহীত
সমকাল ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৬ | ১৮:৩৭
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সংগীত ও মানবতাবাদী দর্শনকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয়ে অনুষ্ঠিত হয়েছে ‘নজরুল উৎসব ২০২৬’।আয়োজনে গান-কবিতা-নাচে তুলে ধরা হয়েছে নজরুলের নানা সৃষ্টি।
১৩ জুন পূর্ব লন্ডনের রেডব্রিজ মেথডিস্ট চার্চ মিলনায়তনে এ উৎসব আয়োজন করে আনন্দধারা আর্টস। নজরুল ইসলামের জীবন, কর্ম ঘিরে ওই আয়োজনে ব্যাপ্তি ছিল তিন ঘণ্টার।
অনুষ্ঠানের শুরুতেই ছিল শিশুশিল্পীদের পরিবেশনা। এরপর অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কাজী নজরুল ইসলামের প্রপৌত্রী নূপুর কাজীর একক সংগীত পরিবেশন। তার আবেগঘন পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
আনন্দধারা আর্টসের আবৃত্তি শিল্পীরা পরিবেশন করেন নজরুলের কালজয়ী কবিতা ‘বিদ্রোহী’। মনিরুল ইসলাম ও মাটি সিদ্দিকীর নৃত্য পরিবেশনার সঙ্গে কবিতার এই উপস্থাপনা কবির বিদ্রোহী চেতনার এক ভিন্নতর নান্দনিক প্রকাশ ঘটায়। এরপর একে একে পরিবেশিত হয় নজরুলের দেশাত্মবোধক, গণমানুষের মুক্তির আকাঙ্ক্ষায় অনুপ্রাণিত এবং বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ গান।
অনুষ্ঠানে বিভিন্ন পর্বের ফাঁকে আনন্দধারা আর্টসের পরিচালক ড. ইমতিয়াজ আহমেদ নজরুলের জীবন, সংগ্রাম, সাহিত্য ও সংগীতসৃষ্টির নানা দিক নিয়ে আলোকপাত করেন।
অনুষ্ঠানে সঙ্গত করেন অমিত দে, ওমি ইসলাম, দেওয়ান তানিম, মিলন বিশ্বাস এবং অনিরুদ্ধ মুখার্জী। আলোক ও মঞ্চসজ্জায় ছিলেন গোলাম আকবর মুক্তা এবং লাইভ শব্দ প্রকৌশলীতে ছিলেন আরাফাত কীর্তি।
অনুষ্ঠানের প্রমো এবং অনুষ্ঠানটির, ভিজ্যুয়াল গ্রাফিক্স, ডিসপ্লে, সম্প্রচার ও ধারণ কার্যক্রমে নেতৃত্ব দেন এআর টেলিভিশন নেটওয়ার্কের কর্ণধার ও নিউ মিডিয়া প্রযোজক সাংস্কৃতিক কর্মী জয়দ্বীপ রায়। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- কাজী নজরুল ইসলাম
- জন্মবার্ষিকী
