কানাডায় অর্ণব-সুনিধির গানে মাতলেন প্রবাসী বাঙালিরা
সায়ান চৌধুরী অর্ণব ও সুনিধি নায়েক। ছবি: সমকাল
কানাডা প্রতিনিধি
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬ | ১২:৩৯
কানাডার সাস্কাটুনে সংগীতের আয়োজনে প্রবাসী বাঙালিদের মাতিয়ে তুলেছেন জনপ্রিয় সংগীতশিল্পী দম্পতি সায়ান চৌধুরী অর্ণব ও সুনিধি নায়েক।
প্রথমবারের মতো কানাডাজুড়ে আয়োজিত ‘হোক কলরব কানাডা’র ধারাবাহিকতায় স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় সাস্কাটুনের প্রেইরিল্যান্ড পার্কে অনুষ্ঠিত হয় ‘হোক কলরব সাস্কাটুন’। স্থানীয় সংগঠন ‘ইকোস অব বেঙ্গল’ আয়োজিত এ অনুষ্ঠানে শত শত প্রবাসী বাঙালি অংশ নেন।
তরুণ উদ্যোক্তা প্রীতম রিপন, সব্যসাচী, জয়দীপ ও সৌভিকের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলা সংস্কৃতি ও সংগীতকে ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। আয়োজকদের মতে, প্রবাসে এমন আয়োজন বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানের শুরুতে সাস্কাটুনের স্থানীয় ব্যান্ড ‘সান ক্লারো’ সংগীত পরিবেশন করে। পরে মঞ্চে আসেন অর্ণব ও সুনিধি। তাদের জনপ্রিয় গানগুলোতে দর্শকরা উচ্ছ্বাস প্রকাশ করেন। গান ও দর্শকদের আনন্দ-উচ্ছ্বাসে পুরো অনুষ্ঠানস্থল মুখর হয়ে ওঠে।
অর্ণব ও সুনিধি বলেন, সাস্কাটুনে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি ও বাঙালির উপস্থিতি তাদের অভিভূত করেছে। প্রবাসে বাংলা সংস্কৃতিকে এগিয়ে নিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‘ইকোস অব বেঙ্গল’-এর পক্ষ থেকে আয়োজক প্রীতম রিপন অনুষ্ঠানটি সফল করতে সহযোগিতা করার জন্য স্পন্সর, শুভানুধ্যায়ী ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানান। ভবিষ্যতেও প্রবাসে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করে।
- বিষয় :
- সংগীতশিল্পী
- সুনিধি নায়েক
- প্রবাসী
- কানাডা