ঢাকা বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

শিল্পকলায় রাগে ও সুরে নজরুলের অনন্য ভুবন

শিল্পকলায় রাগে ও সুরে নজরুলের অনন্য ভুবন
×

নজরুল বর্ষ উদযাপনের অংশ হিসেবে গতকাল রোববার জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এক শিল্পীর পরিবেশনা। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬ | ১২:৩৪

কাজী নজরুল ইসলামের রাগাশ্রয়ী গান ও সুরের নিবিড় সৌন্দর্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হলো ‘বেণুকা-রাগে, সুরে, শ্রুতির নিবিড়তায় কাজী নজরুল ইসলাম’। নজরুল বর্ষ উদযাপনের অংশ হিসেবে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় গতকাল রোববার সন্ধ্যায় জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আয়োজন করা হয় এ অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন। ধন্যবাদ জ্ঞাপন করেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে নিতাই রায় চৌধুরী বলেন, ‘আমরা সংস্কৃতিকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে আমাদের নানা বৈচিত্র্যকে ঐক্যবদ্ধ করে আমাদের দেশ, আমাদের জাতি ও আমাদের জনগণের পরিচয়কে সারা পৃথিবীর বুকে তুলে ধরতে চাই।’ 

স্বাগত বক্তব্যে রেজাউদ্দিন স্টালিন  বলেন, নজরুলের মতো সুরস্রষ্টা সংগীতকার দ্বিতীয়টি নেই। নিজে গান লিখে সুর করা এবং সেই সৃষ্টির ব্যাপক প্রভাব বাংলাদেশের সংস্কৃতিতে আজও অনুভূত হচ্ছে।  গানের এমন কোনো পর্যায় নেই, যেখানে নজরুলের সৃষ্টি নেই।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে শুরুতেই একক সংগীত পরিবেশন করেন প্রিয়াঙ্কা গোপ, নাদিয়া আরেফীন শাওন, মুন্নী কাদের ও অলোক কুমার সেন। তারা পরিবেশন করেন যথাক্রমে– ‘এসো শংকর ক্রোধাগ্নি’, ‘জয় ব্রহ্ম বিদ্যা শিব-সরস্বতী’, ‘দোলন চাঁপা বনে দোলে’ এবং ‘সতি হারা উদাসী ভৈরব কাঁদে’। এর পর কাথ্যাকিয়া দ্য সেন্টার অব আর্টসের শিল্পীরা পরিবেশন করেন সমবেত নৃত্য। নৃত্য পরিচালনা করেন এস এম হাসান ইশতিয়াক ইমরান। পরবর্তী পরিবেশনায় শহীদ কবির পলাশ গেয়ে শোনান ‘জাগো অরুণ ভৈরব জাগো’, ইয়াকুব আলী খান পরিবেশন করেন ‘হাসে আকাশে শুকতারা হাসে’, ড. নাশিদ কামাল পরিবেশন করেন ‘রুম ঝুম রুম ঝুম কে বাজায়’ এবং ফাতেমা-তুজ-জোহরা পরিবেশন করেন ‘শংকর অঙ্গলীনা যোগ মায়া’। এর পর বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টসের শিল্পীরা পরিবেশন করেন সমবেত নৃত্য ‘বন-কুন্তল এলায়ে’। নৃত্য পরিচালনা করেন ফারহানা চৌধুরী বেবী। একক নৃত্যে ‘আমার বিজন ঘরে’ পরিবেশন করেন মুনমুন আহমেদ।
অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন মোনালীন আজাদ, ইয়াসমিন মুশতারী, নাহিদ মোমেন, বিজন মিস্ত্রী ও মৃদুলা সমদ্দার। সব শেষে জাহিদুল ইসলাম সানির পরিচালনায় শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীরা পরিবেশন করেন সমবেত নৃত্য। 

আরও পড়ুন

×