ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

‘পার্বত্য অঞ্চলের নদী’ গ্রন্থের প্রকাশনা উৎসব

‘পার্বত্য অঞ্চলের নদী’ গ্রন্থের প্রকাশনা উৎসব
×

ছবি- সংগৃহীত

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫ | ২১:৫২ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ | ২২:২৬

বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মনির হোসেনের নতুন গ্রন্থ ‘পার্বত্য অঞ্চলের নদী’–এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বিকেল সাড়ে ৪টায় ঢাকায় চ্যানেল আইয়ের মুস্তফা মনোয়ার স্টুডিও–৪ এ আয়োজিত অনুষ্ঠানে বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু। অনুষ্ঠানে লেখক মুহাম্মদ মনির হোসেন বলেন, বাংলাদেশের নদী আলোচনায় সাধারণত গঙ্গা–মেঘনা–ব্রহ্মপুত্র অববাহিকার সমতলের নদীগুলোই প্রাধান্য পায়। অথচ পাহাড়ি নদীগুলোর জন্ম, প্রবাহ ও বৈশিষ্ট্য আলাদা। শঙ্খ, কাসালং, মাইনি, মাতামুহুরী কিংবা নাফ—এই নদীগুলোকে বুঝতে হলে আলাদা দৃষ্টিভঙ্গি ও গবেষণা প্রয়োজন।

তিনি বলেন, পাহাড়ি নদীগুলোর বৈশিষ্ট্য, সৌন্দর্য এবং এসব নদীকে ঘিরে গড়ে ওঠা জনগোষ্ঠীর জীবনধারা অত্যন্ত স্বতন্ত্র। এই বইয়ের মাধ্যমে সেই গবেষণার পথ কিছুটা হলেও উন্মুক্ত করার চেষ্টা করা হয়েছে।

সভাপতির বক্তব্যে মুকিত মজুমদার বাবু বলেন, ‘পার্বত্য অঞ্চলের নদী’ একটি গুরুত্বপূর্ণ রেফারেন্স গ্রন্থ হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নদী গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মো. আলাউদ্দিন হোসেন, পরিবেশ অধিদপ্তরের পরিচালক ড. মো. সোলাইমান হায়দার, অধ্যাপক অসীম বিভাকর, নৌপরিবহন বিশেষজ্ঞ মো. মনোয়ার হোসেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর সাধারণ সম্পাদক আলমগীর কবির এবং বাংলা একাডেমির সহকারী পরিচালক মো. আজিজুল হক।

‘পার্বত্য অঞ্চলের নদী’ গ্রন্থে বাংলাদেশের পার্বত্য অঞ্চলের নদ-নদীগুলোর উৎস, প্রবাহ, ঐতিহাসিক ধারাবাহিকতা, পরিবেশগত গুরুত্ব ও ভবিষ্যৎ সংকট বিশ্লেষণ করা হয়েছে। এতে চেঙ্গি, কর্ণফুলী, সাঙ্গু, মাতামুহুরী, নাফসহ পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ নদীগুলোর সঙ্গে পাহাড়ি বন, জীববৈচিত্র্য ও মানবজীবনের নিবিড় সম্পর্ক তুলে ধরা হয়েছে।

মুহাম্মদ মনির হোসেন দীর্ঘদিন ধরে নদী গবেষণা ও লেখালেখির মাধ্যমে নদী সংরক্ষণ আন্দোলনে যুক্ত রয়েছেন। এর আগে তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে ‘নদী ও জলে ভ্রমণ’ (২০২১) ও ‘গাজীপুরের নদী’ (২০২৩)।

আরও পড়ুন

×