ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

হরিপ্রসাদ চৌরাসিয়ার জন্মদিন উদযাপনে সাংস্কৃতিক আয়োজন

হরিপ্রসাদ চৌরাসিয়ার জন্মদিন উদযাপনে সাংস্কৃতিক আয়োজন
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ | ২১:১৫ | আপডেট: ০৯ জুলাই ২০২৬ | ২১:৪১

ভারতের কিংবদন্তি বংশীবাদক পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার ৮৮তম জন্মদিন উপলক্ষে ঢাকার গুলশানে ইন্ডিয়ান কালচারাল সেন্টারে (আইসিসি) এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার (আইজিসিসি) ও বাংলাদেশে ভারতীয় হাইকমিশন যৌথভাবে এই আয়োজন করে।

অনুষ্ঠানে পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার অসাধারণ সঙ্গীত-উত্তরাধিকার এবং ভারতের শাস্ত্রীয় সঙ্গীতে তাঁর অনন্য অবদান তুলে ধরা হয়। একই সঙ্গে বিশ্বজুড়ে প্রজন্মের পর প্রজন্ম সঙ্গীতশিল্পী ও সঙ্গীতপ্রেমীদের ওপর তাঁর গভীর প্রভাবের বিষয়টি আলোচিত হয়।

পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া কেবল একজন সঙ্গীতশিল্পীই নন, তিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের এমন এক পুরোধা ব্যক্তিত্ব, যিনি বিশ্বমঞ্চে বাঁশের বাঁশির মর্যাদাকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। এলাহাবাদে জন্ম নেওয়া এই শিল্পীর একজন তরুণ অনুরাগী থেকে বিশ্বখ্যাত বংশীবাদক হয়ে ওঠার গল্প অসাধারণ প্রতিভা, সাধনা ও নিষ্ঠার উজ্জ্বল দৃষ্টান্ত। দীর্ঘ কর্মজীবনে তিনি ঐতিহ্যবাহী লোকজ সুরের সঙ্গে জটিল শাস্ত্রীয় রাগের অপূর্ব মেলবন্ধন ঘটিয়ে বাঁশির সুরকে আন্তর্জাতিক পরিমণ্ডলে অনন্য মর্যাদায় প্রতিষ্ঠিত করেছেন। শিল্পকলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মভূষণ’ ও ‘পদ্মবিভূষণ’-সহ ‘সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার’-এ ভূষিত হয়েছেন।

বাঁশির সুরের মাধ্যমে তিনি ভৌগোলিক সীমানা অতিক্রম করে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সমৃদ্ধ ঐতিহ্য বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিয়েছেন। তাঁর শিল্পসাধনা বিভিন্ন দেশ ও সংস্কৃতির মধ্যে সেতুবন্ধন তৈরি করেছে এবং ভারত ও বাংলাদেশের দীর্ঘদিনের সাংস্কৃতিক বন্ধনকে আরও সুদৃঢ় করেছে। তিনি ‘বেঙ্গল উচ্চাঙ্গসঙ্গীত উৎসব’সহ বিভিন্ন অনুষ্ঠানে একাধিকবার ঢাকা সফর করেছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার সঙ্গে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গীত অঙ্গনে পণ্ডিত হরিপ্রসাদ অত্যন্ত জনপ্রিয়। তাঁর প্রতি মানুষের ভালোবাসা দুই দেশের গভীর সাংস্কৃতিক সম্পর্কের প্রতিফলন।

পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার চিরন্তন শিল্পসাধনা ও সঙ্গীত-শ্রেষ্ঠত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানে বাঁশি পরিবেশন করেন বাংলাদেশের খ্যাতনামা বংশীবাদক গাজী আব্দুল হাকিম। তিনি বেশ কিছু ভারতীয় শাস্ত্রীয় রাগ পরিবেশন করেন। 

অনুষ্ঠানে কূটনৈতিক কোরের সদস্য, বিশিষ্ট শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গণমাধ্যম প্রতিনিধি, শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষার্থী এবং সঙ্গীতপ্রেমীরা উপস্থিত ছিলেন। পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার জীবন ও কর্মের ওপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×