গ্যালারি চিত্রকে বিশেষ প্রদর্শনী ‘শিল্পীর চোখে দুর্গা’
ধানমন্ডির গ্যালারি চিত্রকে চলছে ‘শিল্পীর চোখে দুর্গা’ চিত্রপ্রদর্শনী।
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬ | ১১:৩৯ | আপডেট: ১১ অক্টোবর ২০২৬ | ১১:৪৭
রাজধানীর ধানমন্ডির গ্যালারি চিত্রকে শুরু হয়েছে ‘শিল্পীর চোখে দুর্গা’ শীর্ষক চিত্রপ্রদর্শনী। এতে ৬০ শিল্পী দুর্গাদেবীকে তুলে ধরেছেন ভিন্ন ভিন্ন রূপ ও ভাবনায়।
শক্তি শিল্পযাত্রার আয়োজনে এবং বিশ্বরঙের উদ্যোগে শুক্রবার প্রদর্শনীর উদ্বোধন হয়। এতে দুর্গাকে শক্তি, সাহস, মমতা, প্রতিবাদ ও নারীর আত্মমর্যাদার প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে।

উদ্বোধনী আয়োজনে অভিনেত্রী দিলারা জামান, অভিনেতা আবুল হায়াত, মডেল সাদিয়া ইসলাম মৌসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
দেবী দুর্গাকে কেউ দেখেন শক্তির প্রতীক, কেউ বা মাতৃ-মমতার আশ্রয়, আবার কারও ক্যানভাসে দুর্গা হয়ে ওঠেন সাহস ও আত্মমর্যাদার প্রতিচ্ছবি। একজন শিল্পী যখন দেবী দুর্গাকে দেখেন, তখন চেনা প্রতিমার বাইরেও ভাবনার নতুন ধরন প্রকাশ পায়। এই প্রদর্শনীতে দেবীকে দেখার নানান শিল্পভাবনা ফুটে উঠেছে । দেবী দুর্গাকে ভিন্ন ভিন্ন দৃষ্টিতে দেখার সুযোগ তৈরি করেছে, ‘শিল্পীর চোখে দুর্গা’ শীর্ষক বিশেষ শিল্প প্রদর্শনী।

বিশেষ এ প্রদর্শনীটি ১২ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
- বিষয় :
- প্রদর্শনী
- দুর্গাপূজা