ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

পূর্বসূরিদের অভিনন্দনে ভাসছেন চ্যাম্পিয়নরা

পূর্বসূরিদের অভিনন্দনে ভাসছেন চ্যাম্পিয়নরা
×

ছবি: আইসিসি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২০ | ১৫:২৮

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে দেশের ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে গেলেন আকবর আলীরা। যুবাদের এই কৃতিত্বে গর্বিত দেশের ১৬ কোটি মানুষ। তরুণদের অর্জনে সবচেয়ে খুশি আকবরদের পূর্বসূরিরা। এই দলটির হাত ধরে বৈশ্বিক টুর্নামেন্টে তারাও পেলেন শিরোপার স্বাদ। তাই তো অনুজদের অভিনন্দনে ভাসালেন অগ্রজরা

মাশরাফি বিন মুর্তজা: অভিনন্দন বাংলাদেশ। আমার শহরের অভিষেক দাস, রকিবুল, শরিফুল, ইমন এবং সব খেলোয়াড় ও কোচিং স্টাফকে অন্তরের অন্তস্তল থেকে শুভেচ্ছা। আকবর তুমি অনিন্দ্যসুন্দর। তোমার কাছ থেকে শিখলাম, কী করে আবেগ নিয়ন্ত্রণে রাখতে হয়। বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য দারুণ এক মুহূর্ত এবং অসাধারণ অর্জন। ছেলেরা, অনেক দূর যেতে হবে তোমাদের। ভবিষ্যতে তোমাদের হাত ধরেই তো আসবে আরও আরও সাফল্য। এই সাফল্য উপভোগ করো। 'চিয়ার্স মিস্টার ক্যাপ্টেন আকবর'।

মুশফিকুর রহিম: মনে কোনো দ্বিধা না রেখেই বলতে পারি, আমার জীবনের সবচেয়ে বড় অর্জন আমি একজন বাংলাদেশি ক্রিকেটার। এই ছেলেগুলো আমাকে সারাজীবনের জন্য গর্বিত করেছে। শুভেচ্ছা সুপারস্টাররা।

তামিম ইকবাল: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলকে হৃদয় নিংড়ানো ভালোবাসা। তোমরা জাতিকে গর্বিত করেছ।

মুমিনুল হক: দারুণ এক জয়ের জন্য তোমাদের অভিনন্দন। দেশকে তোমরা গর্বিত করেছ, গড়েছ ইতিহাস।

মাহমুদুল্লাহ: অসাধারণ এক মুহূর্ত। বিশ্বচ্যাম্পিয়ন। তোমাদের জন্য গর্ব বোধ করছি। তোমাদের জন্য প্রাণোচ্ছল অভিনন্দন।

ইমরুল কায়েস: ক্রিকেটের বিশ্বমঞ্চে ইয়াং টাইগারদের গর্জন আমাকে ভীষণভাবে খুশি করেছে। গর্বিত করেছে আমাকে। যেভাবে বিশ্বকাপের পুরো সময়টা তারা খেলেছে, তাতে দারুণ এক টিম স্পিরিট তুলে ধরেছে। তোমাদের শুভেচ্ছা, বাংলাদেশকে গর্বিত করেছ তোমরা।

নাঈমুর রহমান দুর্জয়: বিশ্বকাপ জেতায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে আমার অভিনন্দন। দেশের ক্রিকেটকে দারুণ এক সাফল্য এনে দিল এ দলটি। হোক সে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, আমরা তো চ্যাম্পিয়ন। তোমরা আরও বড় কিছু করার ক্ষুধা নিয়ে দেশে ফিরো।

হান্নান সরকার: আমরা চ্যাম্পিয়ন... বাংলাদেশের প্রত্যেক মানুষকে অভিনন্দন। আমরা এটা করতে পেরেছি। প্রিয় খেলোয়াড় তোমাদের অভিনন্দন।

শোয়েব মালিক: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতায় বাংলাদেশ দলকে প্রাণঢালা অভিনন্দন। পুরো টুর্নামেন্ট আমি গভীর মনোযোগ দিয়ে দেখেছি। মনে হচ্ছে, বিশ্ব ক্রিকেট কিছু তরুণ প্রতিভা পেতে যাচ্ছে। দেখা যাক সামনে কী হয়। তবে এখন উৎসবের সময়।

আরও পড়ুন

×