এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত আর্জেন্টিনার পাঁচটি গোলই এসেছে মেসির পা থেকে। প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করার পর অস্ট্রিয়ার বিপক্ষেও জোড়া গোল করেন তিনি। এর মধ্য দিয়ে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৮টি, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ।
জর্ডানের বিপক্ষে মেসিকে নিয়ে স্কালোনির পরিকল্পনা কী?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ জুন ২০২৬ | ১০:৩০
২০২৬ বিশ্বকাপের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছে আর্জেন্টিনা। গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচেই দাপুটে জয় তুলে নিয়ে ইতোমধ্যে ‘জে’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ ম্যাচের তাদের প্রতিপক্ষ জর্ডান। তবে জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামতে পারেন তিনি।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বিষয়টি নিশ্চিত করেন। তবে জর্ডানের বিপক্ষে প্রথম একাদশে কারা থাকবেন, সে বিষয়ে কোনো তথ্য দেননি তিনি।
সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘লিও কাল বদলি খেলোয়াড় হিসেবে থাকবেন, পরে মাঠে নামবেন। জর্ডানের বিপক্ষে একাদশ চূড়ান্ত করা হয়ে গেছে। তবে আগামীকালই তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।’
রোববার জর্ডানের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। টেক্সাসের আর্লিংটনে এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৮টায় ম্যাচটি শুরু হবে। এই ম্যাচে দুর্দান্ত ছন্দে থাকা মেসিকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না আর্জেন্টিনা।
জর্ডানের বিপক্ষে বেঞ্চের শক্তি পরীক্ষার ইঙ্গিত দিয়ে রেখেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ। তিনি বলেন, ‘স্কোয়াডের যারা এতদিন বেশি সুযোগ পাননি, তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ। আগামীকাল যারা খেলতে যাচ্ছে, তারা খেলার যোগ্য। তারা এই প্রক্রিয়ার অংশ এবং তারা আমাদের সঙ্গে কঠোর পরিশ্রম করেছে। আমি সুযোগ পেলেই তাদের খেলার সময় দিতে চাই, কারণ তাদের এটা সত্যিই প্রাপ্য।’
তিনি আরও বলেন, ‘মাঠে দলের খেলোয়াড় পরিবর্তন হতে পারে। কিন্তু আর্জেন্টিনার চিরচেনা খেলার ধরন বা ফিলোসফি সবসময় একই রকম থাকবে।’
