ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

মেদিনা বললেন, মেসির জন্য জীবন বাজি রাখতেও প্রস্তুত

মেদিনা বললেন, মেসির জন্য জীবন বাজি রাখতেও প্রস্তুত
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৬ | ০৯:৩৫ | আপডেট: ২৭ জুন ২০২৬ | ০৯:৫৮

লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপকে ঘিরে আর্জেন্টিনা দলে আবেগের কমতি নেই। শিরোপা ধরে রাখার মিশনের পাশাপাশি অধিনায়কের শেষ বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে নিজেদের সর্বস্ব উজাড় করে দিতে প্রস্তুত বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। দলের ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা জানান, দলের সবাই মিলে নিজেদের সর্বস্ব উজাড় করে দেবেন যাতে মেসির বিদায়টা হয় সবচেয়ে সুন্দর। প্রয়োজনে মেসির জন্য জীবন দিয়েও লড়তে প্রস্তুত আর্জেন্টিনার ফুটবলাররা।

২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছে লিওনেল স্কালোনির দল। প্রথম দুই ম্যাচেই জয় তুলে নিয়ে 'জে' গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা। গ্রুপপর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডান। আগামীকাল সকাল ৮টায় জর্ডানের বিপক্ষে মাঠে নামবে তারা।

সেই ম্যাচের আগে ফিফার ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে মেদিনা বলেন, এখন আমাদের সামনে আরও ৬টি ফাইনাল বাকি। আমরা লড়াই করব, সর্বস্ব দিয়ে খেলব। যে পজিশনেই খেলতে হোক না কেন, আমরা সবাই প্রস্তুত। মাঠে নিজেদের সবটুকু দিয়ে দেব, যাতে আমাদের অধিনায়কের বিদায়টা সবচেয়ে সুন্দরভাবে হয়। অবশ্যই আমরা চাই তিনি (মেসি) খেলা চালিয়ে যান। কিন্তু আমরা জানি, তার জন্য জীবন দিয়েও লড়তে হবে।

অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ের ম্যাচে শুরু থেকে খেলেছেন মেদিনা। ইনজুরিতে থাকা নিকোলাস তাগলিয়াফিকোর জায়গায় সুযোগ পান তিনি। সেই ম্যাচে মেসির প্রথম গোলটি করার ক্ষেত্রেও বড় অবদান ছিল তার। বাম দিক দিয়ে দৌড়ে গিয়ে কাটব্যাক থেকে বল বাড়িয়ে দিয়েছিলেন তিনি। ম্যাচ শেষে মেসি মজা করে মেদিনার ওই অ্যাসিস্টকে বার্সেলোনায় জর্দি আলবার সঙ্গে তার পুরোনো বোঝাপড়ার সঙ্গে তুলনা করেছিলেন।

তবে মেদিনা বিষয়টিকে খুব বেশি গুরুত্ব দিতে চাননি। তিনি বলেন, আমার কাছে মনে হয়, লিও একটু বাড়িয়ে বলেছে। হয়তো তার বার্সেলোনার দিনের কথা মনে পড়ছিল। কিন্তু এখন সবকিছুই অনেক বড় করে দেখা হয়। আমি শুধু নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি।

একাদশে সুযোগ পাওয়ায় খুশি হলেও মেন্দিনা পুরোপুরি আনন্দিত নন। কারণ সতীর্থ তাগলিয়াফিকোর চোটের কারণেই তার সুযোগ এসেছে। তিনি বলেন, আমি কখনো চাইনি এভাবে সুযোগ আসুক। নিকোকে আমি অনেক সম্মান করি। তার সঙ্গে আমার দীর্ঘ সময় কথা হয়েছে। এখন কোচিং স্টাফ যাকে খেলাবে, সে-ই নিজের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দল জিতেছে এবং আমরা সবাই একই লক্ষ্যে কাজ করছি।

আরও পড়ুন

×