ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

মাশরাফির ছোঁয়ায় গড়া 'নতুন মাশরাফি'

মাশরাফির ছোঁয়ায় গড়া 'নতুন মাশরাফি'
×

ফাইনালে তিন উইকেট নেওয়া নড়াইলের পেসার অভিষেক দাস-এএফপি

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০ | ০৬:৪৭ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২০ | ০৬:৫৬

সেমিফাইনালে দলে ছিলেন না অভিষেক দাস। কিন্তু ফাইনালে তাকে দলে নিয়েই বাজিমাত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তিনিই দলকে প্রথম ব্রেক থ্রু এনে দেন। ম্যাচে নেন ৩ উইকেট। তার দারুণ পারফরম্যান্স বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল চ্যাম্পিয়ন হওয়ায় বড় অবদান রেখেছে। এজন্য অভিষেকের নিজ এলাকা নড়াইলে বইছে আনন্দের বন্যা।

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার নড়াইল থেকে অভিষেক দাস অরণ্য উঠে এসেছেন। ফাইনালে তিনি দারুণ পারফরম্যান্স করায় রোববার রাতে ও সোমবার সকালে শহরের বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল বের হয়। ফোঁটে আতশবাজি-পটকা। ভিড় জমে অভিষেকের বাড়িতে। তাদের কণ্ঠে একটিই কথা, 'নড়াইলে নতুন মাশরাফির জন্ম হলো।'

অভিষেকের বাবা অসিত দাস বাড়ির সামনে বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করেন। ছেলের পারফরম্যান্সে উচ্ছ্বসিত তিনি, 'অভিষেক দেশের জন্য অবদান রাখতে পারায় আমি গর্বিত। অভিষেকের জন্য মাশরাফির অবদান অনেক। তিনি সব সময় অভিষেকের খোঁজ নেন। আমরা তাই মাশরাফির কাছে কৃতজ্ঞ। আশীবার্দ করবেন অভিষেক যেন দেশের জন্য অবদান রাখতে পারে।' 

নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, মাশরাফির শহরে এক গুণী ক্রিকেটারের জন্ম হলো। তিনি অভিষেকের জন্য দোয়া কামনা করেন। অভিষেক নড়াইলে আসলে তাকে সংবর্ধনা দেওয়া হবে বলে জানান।

আরও পড়ুন

×