ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

হোয়াইটওয়াশ হয়ে হোল্ডারকে ফেরালো উইন্ডিজ

হোয়াইটওয়াশ হয়ে হোল্ডারকে ফেরালো উইন্ডিজ
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২২ | ০৩:৩৫ | আপডেট: ১৮ জুলাই ২০২২ | ০৩:৩৬

ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর ক্যারিবীয়রা দলে ফিরিয়েছে তারকা অলরাউন্ডার জেসন হোল্ডারকে। আগামী ২২ জুলাই থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়া ক্যারিবীয়রা ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায়।

বাংলাদেশের বিপক্ষে বিশ্রাম দেওয়া হয়েছিল হোল্ডারকে। দলের প্রধান নির্বাচক ডেসমন্ড হেইনেস বলেছেন, 'আমরা সবাই জানি, বিশ্বের অন্যতম শীর্ষ অলরাউন্ডার জেসন। দলে তাকে পেয়ে আমরা খুশি। সে ফুরফুরে থাকবে এবং মাঠে নামতে প্রস্তুত। মাঠে তার চমৎকারিত্ব দেখার প্রত্যাশা করছি আমরা এবং প্রত্যাশা থাকবে মাঠের বাইরেও দারুণ অবদান রাখবে সে।'

বাংলাদেশ সিরিজ শেষে আরও পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। তিন ওয়ানডেতে উইকেটশূন্য থাকায় বাদ পড়েছেন ফাস্ট বোলার অ্যান্ডারসন ফিলিপ ও বোলিং অলরাউন্ডার রোমারিও শেফার্ড। ফিলিপ সিরিজের একটি ম্যাচ খেলেন, তিনটিই খেলেন শেফার্ড।

এই বছর ওয়ানডেতে বাজে সময় কাটাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। ১৫ ম্যাচে মাত্র চারটি জয়। তিনটি জয় আসে নেদারল্যান্ডসের বিপক্ষে এবং একটি আয়ারল্যান্ডের সঙ্গে। টানা ছয় ম্যাচ হেরে বসেছে তারা।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ জুলাই, ত্রিনিদাদে। ২৪ ও ২৭ জুলাই সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে। এই সিরিজে ভারতের বেশ ক'জন নিয়মিত ক্রিকেটার বিশ্রামে আছেন। সফরকারী দলকে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান। 

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল: নিকোলাস পুরান (অধিনায়ক), শাই হোপ (সহঅধিনায়ক), শামারাহ ব্রুকস, কিসি কার্টি, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার্স, গুডাকেশ মোটি, কিমো পল, রভম্যান পাওয়েল, জেইডেন সিলস।

আরও পড়ুন

×