ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট আবারও ঘুরে দাঁড়াবে: হোল্ডার

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট আবারও ঘুরে দাঁড়াবে: হোল্ডার
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৩ | ১০:০১ | আপডেট: ০২ জুলাই ২০২৩ | ১০:০১

প্রথমবারের মত ওয়ানডে বিশ্বকাপে খেলবে না ওয়েস্ট ইন্ডিজ। দু'বারের চ্যাম্পিয়নরা এবার বাছাইপর্ব উতরাতে পারেনি। শনিবার স্কটল্যান্ডের কাছে হেরে ছিটকে বিশ্বকাপে খেলার আশা শেষ হয়ে গেল উইন্ডিজের। দলের এমন পারফরম্যান্সে হতাশ অভিজ্ঞ অলরাউন্ডার জেসন হোল্ডার। তার আশা ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াবে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট।

হোল্ডার বলেছেন, 'আমার মনে হয় না সব কিছু শেষ হয়ে গেছে। প্রচুর তরুণ ক্রিকেটার রয়েছে আমাদের। ওরা আরও উন্নতি করবে এবং ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেট ঘুরে দাঁড়াবে। আমাদের তরুণ ক্রিকেটারদের পাশে থাকতে হবে। শুধু প্রতিযোগিতার সময় না, অন্য সময়ও ওদের পাশে থাকা দরকার। এটা খুব গুরুত্বপূর্ণ। তা হলে প্রতিভাবান ক্রিকেটারদের তুলে আনতে পারব আমরা'

বিশ্বকাপের প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়ে হতাশ উইন্ডিজ অধিনায়ক শাই হোপও। তিনি বলেছেন, ক্রিকেটাদের নিবেদন নিয়ে প্রশ্ন তুলে অধিনায়ক হোপ বলেন, 'সত্যি বলতে, এখানে একটা বিষয় নয় যেটাকে দায়ী করতে পারি। পুরো টুর্নামেন্টেই আমরা ব্যর্থ হয়েছি। পুরোটাই মানসিকতা, তাগিদের অভাব। ফিল্ডিং দেখেই দলের মানসিকতা অনেকটা বোঝা যায়। ক্যাচ মিস হতেই পারে, ফিল্ডিংও খারাপ হতে পারে। কিন্তু আমরা মাঠে একশো শতাংশ দিতেই পারিনি। আমরা ভুলের পর ভুল করেছি।'

বিশ্বকাপ বাছাইপর্ব শেষে চলতি মাসের ১২ তারিখ আবার ভারতের বিপক্ষে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে ক্যারিবিয়ানরা।

আরও পড়ুন

×