বিসিসিআই সহ-সভাপতি মাহিন ভার্মার পদত্যাগ
ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০ | ০৪:০৩ | আপডেট: ১৪ এপ্রিল ২০২০ | ০৪:১০
ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি মাহিন ভার্মা পদত্যাগ করেছেন। বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা রাহুল জোহরির কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন তিনি। উত্তরখন্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি নির্বাচিত হওয়ার বিসিসিআইয়ের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।
বিসিসিআইয়ের বিধি অনুযায়ী, কেন্দ্রে হোক কিংবা রাজ্যে কোন ব্যক্তি দুটি দায়িত্বে থাকতে পারবেন না। সেজন্য তিনি বিসিসিআইয়ের দায়িত্ব ছেড়ে দিয়েছেন। রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনে বিশৃঙ্খলা ঠেকাতে তিনি সেখানকার দায়িত্ব নিতে চান।
সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেন, ‘আমাকে রাজ্য অ্যাসোসিয়েশনের দিকে মনোযোগ দিতে হবে। উত্তরখন্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন খুব একটা ভালোভাবে চলছে না। আমি তাই প্রধান নির্বাহীকে চিঠি দিয়েছি। আশা করছি আমার পদত্যাগ পত্র তিনি গ্রহণ করবেন।’
কিন্তু করোনার কারণে তার পদত্যাগপত্র গ্রহণ করে বিসিসিআইয়ের জন্য নতুন কাউকে দায়িত্ব দেওয়া কঠিন হয়ে যাচ্ছে। ভারতে তিন সপ্তাহের লকডাউন শেষ হতেই আবার ৪ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। ওদিকে বিসিসিআইয়ের বিধি অনুযায়ী, পদ খালি হওয়ার ৪৫ দিনের মধ্যে সাধারণ সভা করে সেখানে নতুন কাউকে নিয়োগ দিতে হবে।
বিসিসিআইয়ের একটি সূত্র পিটিআইকে বলেন, ‘দেশ নতুন করে কোভিড-১৯ এর কারণে আবার লকডাউনে গেছে। আমাদের তাই আগামী ৪৫ দিনের মধ্যে নতুন করে বিশেষ সাধারণ সভা ডাকা কঠিন। অবশ্যই খালি হওয়া ওই পদ বিসিসিআইয়ের আইন মেনেই পূরণ করা হবে। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে।’
