ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

কেন্দ্রীয় চুক্তিতে রাজি নন হোল্ডার, পুরান ও মায়ার্স

কেন্দ্রীয় চুক্তিতে রাজি নন হোল্ডার, পুরান ও মায়ার্স
×

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৩ | ১৩:১৬ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৩ | ১৪:০৬

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে আগামী ২০২৩-২৪ মৌসুমের জন্য চুক্তি করা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন জেসন হোল্ডার, নিকোলাস পুরান ও কাইল মায়ার্স। এই তিন তারকাকে কেবল চলতি বছরের টি-টোয়েন্টি সিরিজগুলোতে দলে পাবে ওয়েস্ট ইন্ডিজ।

এক বিবৃতিতে সিডব্লুআই জানায় হোল্ডার, পুরান এবং মায়ার্স কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও এ সময়ের মধ্যে হতে যাওয়া সকল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাদের বিবেচনা করবে নির্বাচকরা। এ তিন ক্রিকেটারের কেউই অবশ্য ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ছিলেন না। যদিও ১৪ ডিসেম্বর শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের দলে আছেন এদের প্রত্যেকেই। 

২০২৩-২৪ মৌসুমের জন্য নতুন চুক্তিবদ্ধ ১৪ ক্রিকেটারের নাম ঘোষণা করে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই)। যেখানে নতুন মুখ চার জন- ব্যাটসম্যান আলিক আথানেজ, কেসি কার্টি, তেজনারাইন চন্দরপল ও বাঁহাতি স্পিনার গুডাকেশ মোতি।

ওয়েস্ট ইন্ডিজের পুরুষ দলের প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স বলেছেন, ‘তিন ফরম্যাটেই ব্যস্ততাময় এক বছরের ক্রিকেটের আগে আমরা প্রধান কোচদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। তারা কোন ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চান, সে বিষয়ে জানতে চেয়েছি। আমরা যে পথে এগোতে চাই, তা আমাদের নিকট স্পষ্ট। যাদের কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে, তাদের এখানে পাওয়ার প্রত্যাশা করছি। ঘরের মাটিতে ২০২৪ আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপ, আয়োজক হিসেবে আমরা শীর্ষস্থানের জন্য লড়াই করার উদ্দেশ্যে এগোচ্ছি। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে টেস্ট সিরিজ আছে, এর বাইরে ২০২৭ সালের ৫০ ওভারের বিশ্বকাপকে সামনে রেখে আমরা খেলোয়াড়দের একটা নিউক্লিয়াস গড়ে তুলতে চাইছি।’

২০২৩-২৪ সালের ওয়েস্ট ইন্ডিজের কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটাররা হলেন-

অ্যালিক আথানাজে, ক্রেইগ ব্র্যাথওয়েট, কেসি কার্টি, ত্যাগনারায়ণ চন্দরপল, জশুয়া ডা সিলভা, শাই হোপ, আকিল হোসেইন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, গুডাকেশ মোতি, রোভম্যান পাওয়েল, কিমার রোচ, জেইডেন সিলস ও রোমারিও শেফার্ড

বাদ: জেরমাইন ব্ল্যাকউড, এনক্রুমা বোনার, জেসন হোল্ডার, কাইল মায়ার্স, ওবেদ ম্যাকয়, নিকোলাস পুরান, ওডিন স্মিথ ও হেইডেন ওয়ালশ জুনিয়র।

নতুন: অ্যালিক আথানাজে, কেসি কার্টি, ত্যাগনারায়ণ চন্দরপল ও গুডাকেশ মোতি।

আরও পড়ুন

×