ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

যে কারণে দুই মাসের ছুটি নিলেন সাইফউদ্দিন

যে কারণে দুই মাসের ছুটি নিলেন সাইফউদ্দিন
×

ছবি- সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪ | ১৫:১০ | আপডেট: ০৮ আগস্ট ২০২৪ | ১৫:২৯

সব ধরনের ক্রিকেট থেকে দুই মাস ছুটি চেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ৩০ জুলাই প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুকে ই-মেইলে নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি। 

সাইফউদ্দিন লিখেছেন, টি২০ বিশ্বকাপ খেলার সুযোগ না পাওয়ায় এবং গ্লোবাল টি২০ টুর্নামেন্টে সুযোগ পেয়েও দেশের বর্তমান পরিস্থিতিতে কানাডা যেতে না পারায় আমি মানসিকভাবে খুবই বিপর্যস্ত। তাই আগামী দুই মাস আমি সব ধরনের ক্রিকেট থেকে নিজেকে দূরে রাখতে চাই। আশা করি, এ ব্যাপারটা আপনাররা ইতিবাচকভাবে নেবেন।’ 

বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফরে ছিলেন সাইফউদ্দিন। ছুটি চাওয়ায় তাঁকে বাদ দিয়েই ‘এ’ দল সাজাতে হচ্ছে নির্বাচকদের। দ্বিতীয় চার দিনের ম্যাচের পাশাপাশি তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ছিলেন সাইফউদ্দিন।

এর আগে বিশ্বকাপ থেকে বাদ পড়া সাইফউদ্দিনকে বিসিবির টাইগার্স ক্যাম্পে রাখতে চেয়েছিল বিসিবি। যদিও পরে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছিলেন তিনি। শেষ দিকে চট্টগ্রামের ক্যাম্পে যোগ দিয়ে নিতে চেয়েছিলেন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের প্রস্তুতি। যদিও শেষ পর্যন্ত দেশের সার্বিক পরিস্থিতির কারণে ভিসা পাননি তিনি। যার জন্য চরম হতাশা ঝেঁকে বসেছে সাইফউদ্দিনের মাঝে। সেই হতাশা ভুলতেই তাকে ২ মাসের ছুটি দিয়েছে বিসিবি।

আরও পড়ুন

×