‘শপথ নিলে খাবার পাবে অভুক্তরা’
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২০ | ০১:৫৮
‘করোনা আক্রান্ত হয়েছি বলে তো থেমে থাকা যায় না।’ বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি মর্তুজা তাই নেমে পড়েছেন অভুক্ত কিশোর-কিশোরীদের মুখে খাবার তুলে দেওয়ার ক্যাম্পেইনে। সামাজিক সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে ফেসবুকে তরুণদের তাই শপথ নিতে বলেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।
‘ভালো খাবো, ভালো থাকবো’। এই ক্যাম্পেইনে মাশরাফি কিশোর-কিশোরীদের উদ্দেশ্যে বলেন, ‘হ্যালো বাংলাদেশ! তোমাদের বয়স যদি ১০ থেকে ১৯ বছরের মধ্যে হয় তবে তোমাদেরকেই বলছি। জানি বাসায় থাকতে থাকতে সবাই বিরক্ত। কিন্তু এখন বাসাতেই থাকতে হবে। ভালো খাবো এবং ভালো থাকবো এই শপথ নিতে হবে।
এখনই ফর্ম পূরণ করে ফেলো। তুমি হয়তো বাসায় বসে ভালো-মন্দ খাচ্ছো। কিন্তু তোমার মতো হাজারো কিশোর-কিশোরী হয়তো অভুক্ত থেকে যাচ্ছে। তাই তুমি শপথ নিলেই বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের কাছে খাবার পৌঁছে যাবে। আমি আর প্রিয় বাংলাদেশ তোমাদের শপথ নেওয়ার অপেক্ষায়। তাই তুমি শপথ নিয়ে দেখাও কতটা ভালোবাসো বাংলাদেশকে।’
এই ক্যাম্পেইনের উদ্দেশ্য যে কিশোররা ভালো খেতে পাচ্ছেন তারা তাদের বয়সী অভুক্তদের খাবারের জন্য শপথ নেবেন। ডোনাররা তাদের এই শপথের ভিত্তিতেই ফান্ড দেবে বিদ্যানন্দকে। ভালো খাবো, ভালো থাকবো ইভেন্টের সিনিয়র অ্যাকাউন্ট এক্সিকিউটিভ অমি আহসান সমকাল অনলাইনকে জানান, এই ক্যাম্পেইন থেকে তারা সাত লাখের মতো নিবন্ধনের আশা করছেন। এর মাধ্যমে ডোনারদের থেকে যে ফান্ড পাওয়া যাবে সেটা অভুক্ত কিশোর-কিশোরীদের খাবারের জন্য খরচ করা হবে।
শপথ নিতে ক্লিক করুণ এখানে: www.bhalokhabobhalothakbo.com