ইডেন গার্ডেন্সে কোয়ারেন্টাইন ইউনিট
ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ জুলাই ২০২০ | ১২:০০ | আপডেট: ১২ জুলাই ২০২০ | ০২:২৪
পশ্চিমবঙ্গে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে চিকিৎসা অবকাঠামোর প্রয়োজনীয়তা বাড়ছে। তিন মাস আগে বৈশ্বিক মহামারিটি ভারতে প্রাদুর্ভাব ঘটার শুরুতেই বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী বলেছিলেন, দরকারে ইডেন গার্ডেন্সকে করোনা চিকিৎসার জন্য ছেড়ে দেওয়া হবে।
এবার ঘটতে চলেছে সেটিই। কলকাতার করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের কোয়ারেন্টাইন ইউনিট হতে যাচ্ছে ঐতিহ্যবাহী স্টেডিয়ামটি। কলকাতা পুলিশের সঙ্গে আলোচনা শেষে এ বিষয়ে অনুমতি দিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া ও সচিব স্নেহাশীষ গাঙ্গুলী পুলিশ কর্মকর্তাদের নিয়ে স্টেডিয়াম পরিদর্শন করে তাদের কোয়ারেন্টাইনের জায়গা বুঝিয়ে দেন।
আপাতত স্টেডিয়ামের ই, এফ, জি ও এইচ ব্লকের গ্যালারির নিচের অংশ কোয়ারেন্টাইন ইউনিট হিসেবে ব্যবহূত হবে। প্রয়োজনে জে ব্লকও ব্যবহার করা যাবে। তবে স্টেডিয়ামে অবস্থিত সিএবির অফিস ও সংলগ্ন গ্যালারির সঙ্গে কোয়ারেন্টাইন সেন্টারের কোনো সংযোগ থাকবে না। সম্পূর্ণ বিচ্ছিন্ন রাখা হবে বি, সি, ডি, কে ও এল ব্লক। কোয়ারেন্টাইন ইউনিট চালু থাকা অবস্থায় বন্ধ রাখা হবে ইনডোর অনুশীলন সেন্টার।
আর মাঠকর্মীদের জন্য আলাদা থাকার জায়গা করা হচ্ছে। এ বিষয়ে সিএবির প্রধান অভিষেক ডালমিয়া বলেন, 'এই সংকটের সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াটা আমাদের কর্তব্য। কভিড যোদ্ধা পুলিশ সদস্যদের জন্য আমরা কোয়ারেন্টাইন সুবিধা দিচ্ছি। তবে প্রশাসনিক কর্মকাণ্ড যেন ব্যাহত না হয়, সেটিও আমরা বিবেচনায় রেখেছি।'
- বিষয় :
- ইডেন গার্ডেনস
- কোয়ারেন্টাইন
- করোনা
- পশ্চিমবঙ্গ
- পুলিশ
- ক্রিকেট