ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দুই মিনিট দেরি করায় বড় অঙ্কের জরিমানা বাফুফের

দুই মিনিট দেরি করায় বড় অঙ্কের জরিমানা বাফুফের
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৫ | ১৪:৩৭ | আপডেট: ২১ জুলাই ২০২৫ | ১৬:১৬

গত ১০ জুন ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। ম্যাচটিতে অনেক প্রত্যাশা থাকলেও শেষ পর্যন্ত ২-১ গোলে হেরে যায় স্বাগতিকরা। ওই ম্যাচে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।

ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে দ্বিতীয়ার্ধ শুরু করতে বিলম্ব করে বাংলাদেশ দল। এ নিয়ে ১৭ জুলাই শৃঙ্খলা ও নৈতিকতা কমিটির বৈঠকে বিষয়টি পর্যালোচনা করে ১৫০০ ডলার জরিমানা আরোপ করে  এএফসি, যা বাংলাদেশি টাকায় প্রায় দুই লাখ টাকার সমান।

এএফসি জানিয়েছে, নির্ধারিত সময়ের চেয়ে দুই মিনিট দেরি করে দ্বিতীয়ার্ধে মাঠে নামে বাংলাদেশ। খেলোয়াড় পরিবর্তনের সময় চতুর্থ রেফারির সঙ্গে দলের ম্যানেজার ও সহকারী কোচের ভুল বোঝাবুঝির কারণেই এই বিলম্ব ঘটে। পরে মূল রেফারি এসে বিষয়টির সমাধান করেন। শুধু বাংলাদেশ নয়, একই কারণে শাস্তি পেয়েছে পাকিস্তান ও মিয়ানমার ফুটবল সংস্থাও।

জরিমানার পাশাপাশি বাফুফেকে সতর্ক করেছে এএফসি। ভবিষ্যতে এমন ঘটনা পুনরাবৃত্তি হলে আরও কঠোর শাস্তি দেওয়া হবে বলেও জানিয়েছে সংস্থাটি।

আরও পড়ুন

×