ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সকালে নামছে ব্রাজিল, একাদশের অধিকাংশ নাম ফাঁস

সকালে নামছে ব্রাজিল, একাদশের অধিকাংশ নাম ফাঁস
×

অনুশীলনে ব্রাজিল দলের ফুটবলাররা। ছবি: গ্লোবো

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫ | ২০:৫৬

ঘরের মাঠ মারাকানা স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ছ’টায় চিলির মুখোমুখি হবে ব্রাজিল। কার্লো আনচেলত্তি জানিয়ে দিয়েছেন, সর্বশেষ আন্তর্জাতিক বিরতির প্যারাগুয়ে ম্যাচের মতো করে খেলাতে চান তিনি। ফরোয়ার্ড লাইনেও আনবেন না কোন পরিবর্তন। 

প্যারাগুয়ে ম্যাচে ব্রাজিল অফেন্সিভলি দারুণ ফুটবল খেলেছিল। রক্ষণে ছিল অটুট। প্রচেষ্টা ছিল পরিষ্কার। ওই ম্যাচে ফরোয়ার্ড লাইনে ছিলেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, এস্তেভাও উইলিয়াম, রাফিনিয়া ও জোয়াও পেদ্রো। 

ডন কার্লো জানিয়েছেন, চিলির বিপক্ষেও ফরোয়ার্ড লাইনে থাকবেন তারা। এর মধ্যে পেদ্রো সেন্টার ফরোয়ার্ড পজিশন নেবেন। তবে নাম্বার টেন পজিশনে রাফিনিয়া নাকি এস্তেভাও খেলবেন তা এখনো ঠিক করেননি তিনি। কোচের মতে, দু’জনই ওই পজিশনে খেলতে পারেন। যদিও বার্সায় নাম্বার টেন পজিশনে খেলে অভিজ্ঞ রাফিনিয়া।

চিলির বিপক্ষে মূলত প্যারাগুয়ে ম্যাচের শুরুর একাদশই রেখে দিতে চান ব্রাজিলের ইতালিয়ান কোচ আনচেলত্তি। কাসেমিরো ও ব্রুনো গিমারেজকে তিনি রাখবেন মিডফিল্ডে। লুকাস পাকুয়েতার শুরুর একাদশে সুযোগ নাও মিলতে পারে। তবে সাবেক রিয়াল মাদ্রিদ কোচের মতে, পাকুয়েতা ভিন্নধর্মী মিডফিল্ডার। তিন মিডফিল্ডার সিস্টেমেও কার্যকরী সে। 

সর্বশেষ দুই ম্যাচে আনচেলত্তির সেন্টার ডিফেন্সে ছিলেন অ্যালেক্সসান্দ্রো রিবেইরো। নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। তবে চিলির বিপক্ষে তাকে বেঞ্চে দেখার সম্ভাবনা বেশি। রিবেইরোর জায়গায় খেলতে পারেন আর্সেনালের গ্যাব্রিয়েল মাঘালহায়েস। তার সঙ্গে থাকবেন ডিফেন্সের নেতা মার্কুইনোস।

উইং ব্যাকে ভ্যান্ডারসনকে বেঞ্চে রেখে তরুণ ওয়েসলিকে শুরুতে সুযোগ দিতে পারেন ব্রাজিলের কোচ। লেফট ব্যাক হিসেবে দেখা যেতে পারে রাশিয়ান ক্লাব জেনিথে খেলা ডগলাস সান্তোসকে। সেক্ষেত্রে প্রথমবার দলে ডাক পাওয়া কায়ো হেনরিকের অপেক্ষা বাড়বে।

ব্রাজিলের কোচ আনচেলত্তি জানিয়েছেন, চিলির বিপক্ষে প্যারাগুয়ের মতো একাদশ ও সিস্টেমে খেললেও পরবর্তী ম্যাচে অর্থাৎ বলিভিয়া ম্যাচে ভিন্ন কৌশল অবলম্বন করে খেলবেন তিনি। যার অর্থ শুরুর একাদশেও কোচ বড় পরিবর্তন আনতে পারেন ওই ম্যাচে।

ব্রাজিলের সম্ভাব্য শুরুর একাদশ: অ্যালিসন, ওয়েসলি, মার্কুইনোস, মাঘালহায়েস, ডগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো ফার্নান্দেস, রাফিনিয়া, মার্টিনেল্লি, এস্তোভাও, পেদ্রো। 

আরও পড়ুন

×